ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট কি বাতিল? আইসিসি-র হুঙ্কারে ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল পাকিস্তানের!

বিশ্বকাপের মঞ্চে হাই-ভোল্টেজ ভারত-পাক দ্বৈরথ কি তবে হচ্ছে? গত কয়েকদিন ধরে চলা টানাপড়েনের পর অবশেষে বরফ গলতে শুরু করেছে। পাকিস্তান সরকার শুরুতে ভারতের বিরুদ্ধে খেলতে না চাইলেও, আইসিসি-র সঙ্গে ম্যারাথন বৈঠকের পর সুর নরম করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পিসিবি প্রধান মহসিন নকভি বড় ঘোষণা করতে পারেন।

রবিবার লাহোরে আইসিসি প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পাক কর্তারা। সেখানে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে পাকিস্তানকে শুধু বিশাল আর্থিক জরিমানাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিতও হতে হতে পারে। এমনকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও হুঁশিয়ারি দিয়েছে যে, কলম্বোর এই ম্যাচ না হলে তারা পাকিস্তানের পাশে থাকবে না। চতুর্মুখী চাপে পড়ে এখন শর্তের জালে নিজেদের মুখ রক্ষা করতে চাইছে পাকিস্তান।

পিসিবি-র পক্ষ থেকে আইসিসি-কে যে তিনটি প্রধান শর্ত দেওয়া হয়েছে, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রথমত, ২০০৮ সাল থেকে বন্ধ থাকা ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ অবিলম্বে শুরু করতে হবে। দ্বিতীয়ত, আইসিসি-র লভ্যাংশ থেকে পাকিস্তানকে আরও বেশি টাকা দিতে হবে। তবে সবথেকে অদ্ভুত শর্তটি হলো— এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেটাররা নাকি পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন না, তাই আইসিসি-কে নির্দেশ দিতে হবে যাতে ভারতীয় ক্রিকেটাররা সৌজন্যমূলক ‘হ্যান্ডশেক’ করেন। এখন দেখার, পাকিস্তানের এই ‘মানভঞ্জনে’ আইসিসি কী পদক্ষেপ নেয়।