পরীক্ষা নিয়ে আর ভয় নয়! কোয়েম্বাটুরে পড়ুয়াদের সাফল্যের ‘ম্যাজিক মন্ত্র’ দিলেন প্রধানমন্ত্রী মোদী

পরীক্ষার চাপ সামলে কীভাবে জীবনের শিখরে পৌঁছানো যায়, তার পথ দেখাতে আবারও পড়ুয়াদের মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘পরীক্ষা পে চর্চা’র ৯ম সংস্করণের দ্বিতীয় পর্বে এবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরে পৌঁছেছিলেন তিনি। সেখানে ছাত্রছাত্রীদের অদম্য শক্তি ও কৌতূহল দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী বলেন, “তামিলনাড়ুর পড়ুয়াদের এনার্জি সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

মাঠেই যখন ক্লাসরুম: এবার ‘পরীক্ষা পে চর্চা’র ফর্ম্যাটে এসেছে বড় বদল। পড়ুয়াদের অনুরোধে প্রধানমন্ত্রী এবার দিল্লির শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ছেড়ে পৌঁছে গিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। মোদী জানান, পড়ুয়াদের থেকে সরাসরি শেখার জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

স্টার্টআপ ও ক্যারিয়ার টিপস: আলোচনায় উঠে আসে বর্তমানের আলোচিত ‘স্টার্টআপ’ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী পড়ুয়াদের পরামর্শ দেন, “আগে ঠিক করো তুমি কী করতে চাও। যদি তোমাদের বন্ধুদের মধ্যে আলাদা আলাদা বিষয়ে দক্ষতা থাকে, তবে স্কুল জীবন থেকেই ছোট ছোট স্টার্টআপের কথা ভাবতে পারো।”

সাফল্যের দুই স্তম্ভ: অনুশাসন ও মোটিভেশন: প্রধানমন্ত্রী মোদী এদিন সাফ জানান, জীবনে কেবল মোটিভেশন বা অনুপ্রেরণা থাকলেই চলে না। তার সাথে থাকতে হবে কঠোর অনুশাসন (Discipline)। তিনি বলেন, “অনুশাসন হলো অনুপ্রেরণার ওপর ‘সোনায় সোহাগা’। অনুশাসন না থাকলে সব মোটিভেশনই একটা সময় বোঝা হয়ে দাঁড়ায় এবং জীবনকে হতাশায় ভরে দেয়।” বিকশিত ভারতের লক্ষ্যে তরুণ প্রজন্মের ভাবনাকে এদিন দরাজ সার্টিফিকেট দেন প্রধানমন্ত্রী।