অবসরের জল্পনায় জল ঢেলে কলকাতায় ফিরলেন অরিজিৎ! অনুষ্কা শঙ্করের সঙ্গে জুটিতে তৈরি হলো নতুন ইতিহাস

প্লেব্যাক সংগীত থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন অরিজিৎ সিং হয়তো দীর্ঘ বিরতিতে যাচ্ছেন। কিন্তু সেই জল্পনাকে নস্যাৎ করে দিয়ে নিজের প্রিয় শহর কলকাতাতেই ফিরলেন তিনি। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক মেগা কনসার্টে ধরা দিলেন একদম নতুন মেজাজে। এই অনুষ্ঠান বুঝিয়ে দিল, সিনেমার গান থেকে বিরতি নিলেও সংগীতের মূল স্রোত থেকে তিনি দূরে সরে যাচ্ছেন না।
অনুষ্কা-অরিজিৎ যুগলবন্দি: এদিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার শিল্পী অনুষ্কা শঙ্করের সঙ্গে অরিজিতের অভাবনীয় যুগলবন্দি। শাস্ত্রীয় সংগীতের গাম্ভীর্য আর অরিজিতের দরদি কণ্ঠের মেলবন্ধনে তৈরি হওয়া ‘ফিউশন’ শ্রোতাদের এক অন্য জগতে নিয়ে যায়। বিশেষ করে অরিজিতের সিগনেচার স্টাইলের পাশাপাশি সেতারের ঝঙ্কার নেতাজি ইনডোরকে মোহময় করে তুলেছিল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সেই পারফরম্যান্সের ভিডিও।
নতুন পথে শিল্পী: প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে যখন গোটা ভারত তোলপাড়, তখন অরিজিৎ যেন মঞ্চে দাঁড়িয়েই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত দিলেন। সিনেমার বাঁধা ধরা নিয়মের বাইরে বেরিয়ে আরও স্বাধীনভাবে সুরের চর্চা করতে চান তিনি। দর্শকরা জানিয়েছেন, এই কনসার্ট ছিল সুরের এক গভীর আরাধনা। অরিজিৎ যেন বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি, বরং নিজের শর্তে সংগীতের এক নতুন অধ্যায় শুরু করলেন তিলোত্তমার মাটি থেকেই।