সরাসরি ‘পরীক্ষা পে চর্চা’: পড়ুয়াদের টেনশন দূর করতে ফের ময়দানে পিএম মোদী, দ্বিতীয় সেশনে কী কী টিপস দিলেন?

বোর্ড পরীক্ষার আগে পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়াতে এবং পরীক্ষার ভয় বা ‘এক্সাম ফোবিয়া’ কাটাতে দ্বিতীয়বার লাইভ সেশনে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘পরীক্ষা পে চর্চা’-র এই বছরের দ্বিতীয় তথা গুরুত্বপূর্ণ পর্ব। দূরদর্শন এবং প্রধানমন্ত্রীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
দেশজুড়ে পড়ুয়াদের সাথে মোদী-সংলাপ: এবারের দ্বিতীয় সেশনে প্রধানমন্ত্রী সরাসরি কথা বলেন তামিলনাড়ু, ছত্তিশগড়, গুজরাট এবং অসমের পড়ুয়াদের সাথে। পড়াশোনার চাপ কীভাবে সামলাতে হয়, শেষ মুহূর্তের প্রস্তুতিতে কীভাবে ইতিবাচক মনোভাব বজায় রাখা যায়— এই সমস্ত বিষয়ে পড়ুয়াদের অমূল্য পরামর্শ দেন তিনি। মোদী বলেন, “পরীক্ষা কোনো ভয়ের উৎসব নয়, বরং এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ উদযাপনের মতো।”
রেকর্ড সংখ্যক রেজিস্ট্রেশন: জানিয়ে রাখি, এই বছরের ‘পরীক্ষা পে চর্চা’-র নবম সংস্করণে ৪.৫ কোটিরও বেশি পড়ুয়া, শিক্ষক ও অভিভাবক নাম নথিভুক্ত করেছেন। গত ৬ ফেব্রুয়ারি প্রথম পর্বটি সম্প্রচারিত হয়েছিল, যেখানে পড়ুয়াদের একাধিক জটিল প্রশ্নের উত্তর দিয়েছিলেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্যই হলো ছাত্রদের মানসিক চাপ কমিয়ে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।