মাত্র ১০০০ টাকায় স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দিল স্বামী! বাদাউনে পাশবিক গণধর্ষণের ঘটনায় স্তম্ভিত দেশ

উত্তরপ্রদেশের বাদাউন জেলায় এক পৈশাচিক ঘটনা সামনে এসেছে, যা মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। সম্পর্কের পবিত্রতাকে পদদলিত করে এক ব্যক্তি তার নিজের স্ত্রীকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিজের বন্ধুদের কাছে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফৈজগঞ্জ বেহাত থানা এলাকায় ঘটে যাওয়া এই নারকীয় ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার প্রেক্ষাপট: অভিযোগ অনুযায়ী, গত ৬ই ফেব্রুয়ারি অভিযুক্ত স্বামী গ্যাসের চুলার কাগজপত্র ঠিক করার অজুহাতে স্ত্রীকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। সুরানি পাপড়ি মোড়ে পৌঁছলে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল স্বামীর দুই বন্ধু—পাপ্পু এবং বালকিষণ। অভিযোগ, সেখানেই মাত্র এক হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দিয়ে চম্পট দেয় স্বামী। সে স্ত্রীকে বলে, বন্ধুদের বাইকে করেই যেন সে বাড়ি ফিরে আসে।

জঙ্গলে পৈশাচিকতা: নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার বদলে অভিযুক্ত দুই বন্ধু ওই মহিলাকে একটি নির্জন ইউক্যালিপটাস বাগানে নিয়ে যায়। সেখানে অসহায় মহিলার ওপর পালাক্রমে পাশবিক নির্যাতন ও গণধর্ষণ চালানো হয়। রক্তাক্ত অবস্থায় নির্যাতিতাকে জঙ্গলে ফেলেই পালিয়ে যায় অভিযুক্তরা।

স্বামীর হাড়হিম করা প্রতিক্রিয়া: কোনোক্রমে বাড়ি ফিরে নির্যাতিতা যখন স্বামীর কাছে এই চরম অত্যাচারের কথা জানান, তখন স্বামীর প্রতিক্রিয়া ছিল আরও ভয়ঙ্কর। অনুশোচনা তো দূর অস্ত, সে নির্লজ্জভাবে জানায় যে সে এভাবেই স্ত্রীকে ব্যবহার করে টাকা রোজগার করবে। এরপরই নির্যাতিতা তাঁর দেওরকে সব জানান এবং পুলিশের দ্বারস্থ হন।

স্টেশন হাউস অফিসার রাজকুমার সিংহ জানিয়েছেন, স্বামীরসহ তিন অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণ ও নারী নির্যাতনের ধারায় মামলা দায়ের হয়েছে। নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।