আবারও বোমাতঙ্কে কাঁপছে দিল্লি! সকাল সকাল ৯টি স্কুলে ইমেল আসতেই হুলুস্থুল, জারি হাই অ্যালার্ট

সোমবার সকালে এক যোগে দিল্লির ৯টি স্কুলে বোম মারার হুমকি আসায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীতে। বিশেষ করে দক্ষিণ দিল্লির তিনটি বড় স্কুলকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ৮:৩০ থেকে ৯:০০ টার মধ্যে স্কুল কর্তৃপক্ষের কাছে এই প্রাণনাশী ইমেলগুলি আসে।

তৎপর প্রশাসন, স্কুলে ছুটি ঘোষণা: হুমকি পাওয়ার মুহূর্তের মধ্যেই দিল্লি পুলিশ, দমকল বাহিনী এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রতিটি ক্লাসরুম, শৌচালয় এবং পার্কিং এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তার খাতিরে বেশ কিছু স্কুলে তড়িঘড়ি ছুটি দিয়ে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত অভিভাবকরা স্কুলের গেটের সামনে ভিড় জমান।

সাইবার সেলের নজরজায়: দিল্লি পুলিশের সাইবার সেল এই ইমেলগুলির উৎস খোঁজার চেষ্টা করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আতঙ্ক ছড়ানোর জন্য কোনো দুষ্কৃতী চক্র বা প্র্যাঙ্ক ইমেল হতে পারে এটি। তবে কোনো ঝুঁকি না নিয়ে গোটা শহরজুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার এবং গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।