“আমি ঠাকুর, একদম ঘেঁষবে না!” কানপুরের HDFC ব্যাঙ্কে মহিলা কর্মীর তাণ্ডব, ভাইরাল ভিডিওতে তোলপাড় দেশ!

উত্তরপ্রদেশের কানপুরে এক বেসরকারি ব্যাঙ্কের অন্দরে যা ঘটল, তা দেখে কার্যত স্তম্ভিত গোটা দেশ। ব্যাঙ্কের কাজ যেখানে গ্রাহক পরিষেবা দেওয়া, সেখানে কানপুরের পাঙ্কি এলাকার HDFC ব্যাঙ্কের এক মহিলা কর্মীর আচরণ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই ব্যাঙ্ক কর্মী, যার নাম আস্থা সিং, এক গ্রাহকের সঙ্গে অত্যন্ত কুরুচিকর ভাষায় কথা বলছেন এবং তাঁকে রীতিমতো শাসাচ্ছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে আস্থা সিং হিতাহিত জ্ঞান হারিয়ে ল্যাপটপ উঁচিয়ে ওই গ্রাহককে মারতে তেড়ে যাচ্ছেন। শুধু তাই নয়, নিজের উচ্চবর্ণের পরিচয় দিয়ে তিনি চিৎকার করে বলতে থাকেন, “আমি ঠাকুর, আমার সঙ্গে লাগতে এসো না।” কর্মক্ষেত্রে এই ধরনের জাতিবিদ্বেষী মন্তব্য এবং পেশাদারিত্বহীন আচরণ সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে।
নেটিজেনরা এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি নামী আন্তর্জাতিক মানের ব্যাঙ্কে এই ধরণের কর্মীদের নিয়োগ করা হয় কীভাবে? অনেকেই টুইটারে HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ট্যাগ করে ওই মহিলার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “গ্রাহক পরিষেবা দেওয়ার এই নমুনা? ধিক্কার জানাই।” যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত HDFC ব্যাঙ্কের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।