চীন পালানোর পর এবার পালা কানাডার! বালোচিস্তানে কোণঠাসা পাক সেনা, বন্ধ হচ্ছে সোনার খনি?

পাকিস্তানের ধুঁকতে থাকা অর্থনীতিতে এবার মরার উপর খাঁড়ার ঘা। বালোচিস্তান প্রদেশে ক্রমবর্ধমান জঙ্গি হামলার জেরে নিজেদের বহুল চর্চিত ‘রেকো ডিক’ (Reko Diq) সোনা ও তামা খনি প্রকল্পটি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে কানাডিয়ান খনি জায়ান্ট ব্যারিক গোল্ড (Barrick Gold)। গত সপ্তাহে বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA) কর্তৃক ধারাবাহিক ও সমন্বিত হামলার পর নিরাপত্তার অভাবকেই মূল কারণ হিসেবে দেখিয়েছে সংস্থাটি।
ব্যারিক গোল্ডের সিইও মার্ক হিল জানিয়েছেন, কোম্পানির বোর্ড প্রকল্পের মূলধন বরাদ্দ, নিরাপত্তার ব্যবস্থা এবং উন্নয়নের সময়সীমা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে। অবিলম্বে এই পর্যালোচনা শুরু হবে এবং পরিস্থিতির উন্নতি না হলে কাজ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে। উল্লেখ্য, এই প্রকল্পে ব্যারিক গোল্ডের ৫০ শতাংশ মালিকানা রয়েছে, বাকি ৫০ শতাংশ পাকিস্তান সরকার ও বালোচিস্তান প্রশাসনের হাতে।
কানাডিয়ান এই সংস্থার সিদ্ধান্তের আগেই চীন তাদের কৌশলগত বন্দর গোয়াদরে সমস্ত কাজ স্থগিত করে কর্মীদের সরিয়ে নিয়েছে। গত সপ্তাহে গোয়াদরসহ ১০টি স্থানে ভয়াবহ হামলার পর সেখানে আতঙ্ক ছড়িয়েছে। শীর্ষ সূত্রের খবর, শুধু বড় বড় বহুজাতিক সংস্থাই নয়, স্থানীয় ঠিকাদার ও ভেন্ডররাও এখন প্রাণের ভয়ে কাজ ছাড়ছেন। ট্রেনের চাকা থমকে গেছে, সড়কপথেও যোগাযোগ বিচ্ছিন্ন। পাকিস্তান সেনাবাহিনী নিরাপত্তার আশ্বাস দিলেও বাস্তবে বালোচিস্তানের দখল নিতে রীতিমতো হিমশিম খাচ্ছে তারা। একের পর এক বিদেশি বিনিয়োগকারী দেশ ছাড়লে পাকিস্তানের দেউলিয়া হওয়ার পথ আরও প্রশস্ত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।