বদলছে সিদ্ধান্ত? ভারত-পাক মহারণ নিয়ে অবশেষে বরফ গলছে পাকিস্তানে, বড় ইঙ্গিত পিসিবি-র!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘ অবশেষে কাটতে শুরু করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই নির্ধারিত থাকলেও, পাকিস্তান সরকারের বয়কট ঘোষণার পর থেকেই ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়েছিল। তবে হাতে মাত্র আট দিন বাকি থাকতে বড় খবর—নিজেদের অবস্থান থেকে ‘ইউ-টার্ন’ নিতে পারে পাকিস্তান।

সূত্রের খবর, শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) বোর্ড থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে অনুরোধ করা হয়েছে, পাকিস্তান যেন তাদের বয়কট করার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে। জানা গেছে, শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট শাম্মি সিলভা সরাসরি পিসিবি প্রধান মহসিন নাভকীকে জানিয়েছেন যে, ভারত-পাক ম্যাচ না হলে গেট মানি, হসপিটালিটি এবং পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা বিশাল অংকের রাজস্ব হারাবে।

পিসিবি-র এক বিশ্বস্ত সূত্র শনিবার জানিয়েছেন, “শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই তাদের অনুরোধ হুট করে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।” বর্তমানে মহসিন নাভকী দেশের বাইরে থাকলেও শনিবারই তাঁর ফেরার কথা। এরপরই তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে এই বিষয়ে আলোচনা করবেন। ধারণা করা হচ্ছে, সোমবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে মাঠের লড়াইয়ে পাকিস্তান আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গ্রিন আর্মি। নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে গেছে ডাচরা। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৪৮ রান। ১০ ফেব্রুয়ারি তারা পরবর্তী ম্যাচে আমেরিকার মুখোমুখি হবে। তবে সব ছাপিয়ে এখন ক্রিকেট বিশ্বের নজর সোমবারের সিদ্ধান্তের দিকে—১৫ ফেব্রুয়ারির সেই ব্লকবাস্টার ম্যাচে কি শেষমেশ মাঠে নামবে বাবর-রিজওয়ানরা?