শনিবার ওলা-উবার-র্যাপিডো বন্ধ! ৬ ঘণ্টার ধর্মঘটে বিপাকে পড়তে পারেন যাত্রীরা, জেনে নিন সময়

শনিবার কি জরুরি কাজ আছে? কিংবা কোনো পার্সেল পাঠানোর পরিকল্পনা? তবে সাবধান! সপ্তাহের শেষ দিনে অ্যাপ-ক্যাব পরিষেবায় বড়সড় বিভ্রাট ঘটতে চলেছে। ওলা (Ola), উবার (Uber) এবং র্যাপিডো (Rapido)-র মতো রাইড-হেলিং অ্যাপের চালকরা দেশজুড়ে ৬ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছেন। ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’ নামের এই প্রতিবাদের জেরে শনিবার দিনের একটি বড় সময় অ্যাপ-ক্যাব, অটো-রিকশা এবং বাইক-ট্যাক্সি বুকিং পেতে কালঘাম ছুটতে পারে সাধারণ মানুষের।
তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU)-এর ডাকে সাড়া দিয়ে ভারতজুড়ে একাধিক শ্রমিক সংগঠন এই ধর্মঘটে সামিল হচ্ছে। তাঁদের অভিযোগ, অ্যাগ্রিগেটর সংস্থাগুলি চালকদের ওপর চরম শোষণ চালাচ্ছে। ইউনিয়ন জানিয়েছে, ‘মোটরযান অ্যাগ্রিগেটর নির্দেশিকা ২০২০’ (Motor Vehicle Aggregator Guidelines) থাকা সত্ত্বেও ওলা-উবারের মতো সংস্থাগুলি সরকারি নিয়মের তোয়াক্কা না করে স্বাধীনভাবে ভাড়ার হার নির্ধারণ করছে। এর ফলে চালকরা ন্যায্য টাকা পাচ্ছেন না, অথচ সংস্থাগুলি বিপুল মুনাফা করছে।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে ইউনিয়ন জানিয়েছে, “কোনও ন্যূনতম ভাড়া নেই, নেই কোনো সরকারি নিয়ন্ত্রণ। লক্ষ লক্ষ অ্যাপ-ভিত্তিক চালককে দারিদ্র্যের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। সরকারের নীরবতা এই শোষক প্ল্যাটফর্মগুলিকে আরও প্রশ্রয় দিচ্ছে।” চালকদের দাবি, সরকারকে অবিলম্বে এই ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হবে এবং ভাড়ার হার নিয়ন্ত্রণে নির্দিষ্ট নিয়ম কার্যকর করতে হবে। শনিবার কয়েক হাজার চালক একযোগে অ্যাপ থেকে ‘লগ আউট’ করে প্রতিবাদ জানাবেন, যার ফলে দেশজুড়ে গিগ ইকোনমি এবং যাতায়াত পরিষেবা ব্যাহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।