ছোট হয়ে যাচ্ছে বৃহস্পতি! নাসার নতুন তথ্যে বদলে যেতে পারে স্কুলের পাঠ্যবই

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সম্পর্কে আমরা যা জানি, তাতে বড়সড় সংশোধনের সময় এসেছে। নাসার ‘জুনো’ (Juno) মহাকাশযানের পাঠানো সাম্প্রতিক রেডিও ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, বৃহস্পতি আমাদের ধারণার চেয়ে কিছুটা ছোট এবং আরও বেশি চ্যাপ্টা। ‘নেচার অ্যাস্ট্রোনমি’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় জানানো হয়েছে, বৃহস্পতির অভ্যন্তরীণ গঠন বোঝার জন্য আগের মডেলগুলো আর সঠিক নয়।

ইজরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের গ্রহবিজ্ঞানী ইয়োহাই কাসপি জানিয়েছেন, গ্রহের আকার বদলায়নি, কিন্তু আমাদের পরিমাপ করার প্রযুক্তি অনেক বেশি নির্ভুল হয়েছে। গত ৫০ বছর ধরে আমরা পাইওনিয়ার এবং ভয়েজার মিশনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বৃহস্পতির আকার গণনা করতাম। কিন্তু জুনো মিশনের ‘রেডিও অকল্টেশন’ পদ্ধতি ব্যবহার করে গবেষকরা এখন মাত্র ৪০০ মিটারের সূক্ষ্মতায় পরিমাপ করতে সক্ষম হয়েছেন।

কী জানা গেল নতুন তথ্যে? নতুন গণনা অনুযায়ী, বৃহস্পতির মেরু থেকে কেন্দ্রের ব্যাসার্ধ আগের তুলনায় ১২ কিলোমিটার কম। আগে যা ৬৬,৮৫৪ কিমি ধরা হতো, তা আসলে ৬৬,৮৪২ কিমি। এমনকি নিরক্ষীয় অঞ্চলের ব্যাসার্ধও প্রায় ৪ কিলোমিটার কম বলে প্রমাণিত হয়েছে। শুনতে কয়েক কিলোমিটার কম মনে হলেও, গ্রহবিজ্ঞানের গবেষণায় এই সামান্য পার্থক্যই পাল্টে দিতে পারে গ্যাসীয় গ্রহের বিবর্তন ও বায়ুমণ্ডলের রহস্য।