ইসলামাবাদে রক্তাক্ত জুম্মা! শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩১, কাঁপছে পাকিস্তান

পাকিস্তানের প্রাণকেন্দ্র ইসলামাবাদে ফের মাথাচাড়া দিল জঙ্গিবাদ। শুক্রবার জুম্মার নমাজের সময় শেহজাদ টাউন এলাকার শিয়া টারলাই ইমামবাড়ায় এক ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। বিস্ফোরণের সময় মসজিদের ভেতর ৫০০-র বেশি পুণ্যার্থী উপস্থিত ছিলেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ইসলামাবাদ পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী বোমারুটি মসজিদের মূল প্রার্থনা হলের দিকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু প্রবেশপথেই তাকে নিরাপত্তারক্ষীরা আটকে দিলে সে নিজেকে উড়িয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে মসজিদের যত্রতত্র ছড়িয়ে রয়েছে রক্তাক্ত দেহাংশ। ঘটনার তীব্র নিন্দা করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সরাসরি তালিবানদের দিকে আঙুল তুলেছেন এবং বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধকালীন অবস্থা’র সঙ্গে তুলনা করেছেন।
সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে শিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা নতুন নয়। এর আগে খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশেও একই ধরণের সাম্প্রদায়িক হামলা চালিয়েছে বিভিন্ন সুন্নি জঙ্গিগোষ্ঠী। তবে রাজধানীর বুকে এই ধরণের হাই-প্রোফাইল হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা আবারও প্রকাশ্যে এনে দিল।