পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ, হত ৩১, জখম ১৬৯, জারি কড়া সতর্কতা

জুম্মার নামাজের মাঝেই ভয়াবহ রক্তক্ষরণ পাকিস্তানের রাজধানীতে। শুক্রবার ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবার্গায় এক বিধ্বংসী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১৬৯ জন। নামাজের জন্য মানুষ যখন সমবেত হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই ঘাতক হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ৬ কিলোমিটার দূর পর্যন্ত তার আওয়াজ শোনা যায়।
ঘটনাস্থলের ছবি শিউরে ওঠার মতো। শিয়া সম্প্রদায়ের পবিত্র উপাসনা স্থল ইমামবার্গা এখন শুধুই ভাঙা কাঁচ, রক্তমাখা কার্পেট আর স্বজনহারাদের কান্নায় ভারী। উদ্ধারকারী দল ও পুলিশ পৌঁছে দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (PIMS) এবং পলিক্লিনিক হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অনেক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, উজবেকিস্তানের রাষ্ট্রপতির রাষ্ট্রীয় সফরের মাঝেই এই হামলা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কয়েকদিন আগেই বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়েছিল, তার রেশ কাটতে না কাটতেই খোদ রাজধানী আক্রান্ত হলো। গত ৬ মাসের মধ্যে এটি ইসলামাবাদে দ্বিতীয় বড় বিস্ফোরণ। এর আগে নভেম্বর মাসেও আদালত চত্বরে আত্মঘাতী হামলায় ১২ জনের প্রাণ গিয়েছিল। পাকিস্তানের মন্ত্রীদের দাবি, দেশ এখন কার্যত ‘যুদ্ধাবস্থায়’ রয়েছে।