১ লাখি সোনার হার নিয়ে চম্পট দিল পায়রা! রাজস্থানের বাজারে ‘পাখির’ কাণ্ডে শোরগোল

সোনার দাম আকাশছোঁয়া। মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। কিন্তু ধাতুর কদর কি এবার পাখিরাও বুঝতে শুরু করল? রাজস্থানের নাগৌর জেলার দেগানা শহরের সরাফা বাজারে যা ঘটল, তা দেখে চক্ষু চড়কগাছ এলাকাবাসীর। কোনো মানুষ নয়, আস্ত এক পায়রা জুয়েলারি দোকান থেকে ঠোঁটে করে তুলে নিয়ে গেল প্রায় ১ লক্ষ টাকা মূল্যের এক সোনার চেন!

শুক্রবার দেগানা শহরের একটি গয়নার দোকানে যখন কর্মচারীরা কাজ করছিলেন, তখনই আচমকা একটি পায়রা ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই শো-কেসের সামনে রাখা দামী সোনার হারটি ঠোঁটে করে নিয়ে ডানা ঝাপটে উড়ে যায় সেটি। দোকানের কর্মীরা চিৎকার করে ধাওয়া করলে দেখা যায়, পায়রাটি কাছের একটি বাড়ির দোতলার ব্যালকনিতে গিয়ে বসেছে। অবাক করা বিষয় হলো, হারটি তখন পায়রাটির গলায় ঝুলছে! ঠিক যেন কোনো ‘শৌখিন’ পায়রা গলায় হার পরে বিশ্রাম নিচ্ছে।

এই দৃশ্য দেখতে ভিড় জমে যায় বাজারে। একদিকে ১ লাখ টাকার হার খোয়ানোর ভয়, অন্যদিকে পায়রাটি যাতে উড়ে না যায় সেই চিন্তা— সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘক্ষণ নজর রাখার পর, পায়রাটি ফের ওড়ার চেষ্টা করতেই তার গলা থেকে হারটি মাটিতে পড়ে যায়। অক্ষত অবস্থায় বহুমূল্য চেনটি ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা। স্থানীয়দের রসিকতা, “পায়রাটিও হয়তো বুঝতে পেরেছে, এই বাজারে সোনার চেন পরাই এখন আসল আভিজাত্য!”