আনন্দের আসর নিমেষেই শ্মশান! নেপালে ৬৫০ ফুট গভীর খাদে বরযাত্রীবোঝাই বাস, মৃত ১৩

বিয়ের আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। বরযাত্রী নিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। ভারত-নেপাল সীমান্তের উত্তরাখণ্ডের পিথোরাগড় লাগোয়া পশ্চিম নেপালের বৈতাডি এলাকায় বাসটি প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৩৪ জন। মৃত ও আহতদের সকলেই বরযাত্রী দলের সদস্য।

জানা গিয়েছে, বাদগাঁও গ্রামের কাছে পাহাড়ি মোড় ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। নববিবাহিত বর ও কনে অন্য একটি গাড়িতে থাকায় তাঁরা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও, তাঁদের আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে আসা বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসে ক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকার কারণেই চড়াই পথে নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও দুর্ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়, বাকিরা হাসপাতালে প্রাণ হারান।

বাসের চালক বীরেন্দ্র বুধাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে আহতরা দাদেলধুরা ও ধানগড়ি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গোটা সীমান্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাহাড়ি পথে ট্রাফিক আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী তোলার প্রবণতাই এই অকাল মৃত্যুর কারণ কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।