কেরালা টু আফগানিস্তান: ভারতের যুবকদের ‘সুইসাইড বম্বার’ বানাচ্ছে আইএস! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়ে বিস্ফোরক তথ্য সামনে এল। ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (ISKP) এখন তাদের সংগঠনের কৌশলে আমূল পরিবর্তন ঘটিয়েছে। একসময় যে ভারতীয়দের আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলি তুচ্ছতাচ্ছিল্য করত, আজ তারাই হয়ে উঠেছে আইএস-এর প্রধান হাতিয়ার। বিশেষ করে কেরালার মতো রাজ্যগুলি থেকে তরুণদের মগজ ধোলাই করে আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে আত্মঘাতী বোমারু হিসেবে ব্যবহার করা হচ্ছে।

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আগে সিরিয়া বা ইরাকে আইএস-এ যোগ দেওয়া ভারতীয়দের দিয়ে কেবল রান্নাবান্না বা পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো নিচু স্তরের কাজ করানো হতো। আরব জঙ্গিদের বৈষম্যের শিকার হয়ে অনেকেই মোহভঙ্গ হয়ে দেশে ফিরে আসতেন। কিন্তু আইএসকেপি এখন সেই নীতি বদলেছে। তারা ভারতীয় যুবকদের ‘ফ্রন্টলাইন যোদ্ধা’ বা প্রথম সারির লড়াকু হিসেবে মর্যাদা দিচ্ছে। আফগানিস্তানে তাদের সাংস্কৃতিক এবং ভৌগোলিক পরিবেশ সিরিয়ার তুলনায় অনেক বেশি খাপ খাইয়ে নিতে সুবিধা হচ্ছে।

উপসাগরীয় দেশ হয়ে পাচার: তদন্তে জানা গেছে, এই তরুণরা সরাসরি আফগানিস্তান যায় না। তারা প্রথমে পর্যটন বা কাজের সন্ধানে দুবাই বা কাতারের মতো উপসাগরীয় দেশগুলিতে যায়। সেখান থেকেই পাচারকারী নেটওয়ার্কের মাধ্যমে তাদের পৌঁছে দেওয়া হয় আফগানিস্তানের গোপন ডেরায়। ইন্টারনেটে এনক্রিপ্টেড অ্যাপ এবং ‘ভয়েস অফ খোরাসান’-এর মতো ডিজিটাল ম্যাগাজিনের মাধ্যমে বীরত্বের মিথ্যা গল্প শুনিয়ে প্রলুব্ধ করা হচ্ছে শিক্ষিত বেকার যুবকদের। সম্প্রতি কেরালার আবু খালিদ আল-হিন্দি ও নাজিব আল-হিন্দির মতো আত্মঘাতী জঙ্গিদের কাহিনী প্রচার করে নতুন নিয়োগের চেষ্টা চলছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এখন এই ডিজিটাল ট্রেইল এবং আন্তর্জাতিক ভ্রমণের ওপর কড়া নজরদারি শুরু করেছে।

Samrat Das
  • Samrat Das