পেনশনভোগীদের চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য! বাজেটে ডিএ ও হেলথ স্কিম নিয়ে বড় ঘোষণা

২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে বড়সড় চমক দিল পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ করে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা পরিষেবা এবং মহার্ঘ ভাতা (DA) নিয়ে একগুচ্ছ স্বস্তির খবর শুনিয়েছেন অর্থমন্ত্রী। বয়সজনিত কারণে যারা নিয়মিত চিকিৎসার মধ্যে থাকেন, তাঁদের পকেটের চাপ কমাতেই ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-এ আনা হয়েছে বৈপ্লবিক পরিবর্তন।
চিকিৎসা খরচে বিশাল ছাড়: এতদিন অবসরপ্রাপ্ত কর্মীরা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতেন। কিন্তু বর্তমান বাজারে চিকিৎসার আকাশছোঁয়া খরচের কথা মাথায় রেখে সরকার নতুন নিয়ম ঘোষণা করেছে। এখন থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাওয়ার পর, বিল যদি তার বেশি হয়, তবে অতিরিক্ত টাকার ৭৫ শতাংশ খরচ বহন করবে রাজ্য সরকার। অর্থাৎ, বড় কোনো অপারেশান বা চিকিৎসার ক্ষেত্রে পেনশনারদের আর জমি-বাড়ি বিক্রি করে টাকা জোগাড় করতে হবে না। তবে এই সুবিধা মিলবে শুধুমাত্র সরকারি প্যানেলভুক্ত হাসপাতালগুলিতেই।
ডিএ ও অন্যান্য বড় ঘোষণা: বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের আবহেই বাজেটে নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য। এর ফলে বকেয়া মেটানোর পাশাপাশি মাসিক আয়ের অঙ্কও কিছুটা বাড়বে। এছাড়া বাজেটে বেকারদের জন্য ‘যুব সাথী’ প্রকল্প, আশা কর্মীদের ১,০০০ টাকা বেতন বৃদ্ধি এবং সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে রাজ্যের কয়েক লক্ষ পেনশনভোগী ও কর্মরত কর্মচারী সরাসরি উপকৃত হবেন।