১২ বছর আগে ‘মৃত’, হঠাৎ রাস্তায় স্কুটি চালাচ্ছেন সেই অপরাধী! আগ্রার জালিয়াতি দেখে পুলিশের চোখ কপালে

উত্তরপ্রদেশের আগ্রা জেলায় সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো এক জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। পুলিশের হাত থেকে বাঁচতে নিজেকে মৃত ঘোষণা করে আদালতকে ধোঁকা দিয়েছিলেন তারা চাঁদ শর্মা নামক এক ব্যক্তি। দীর্ঘ ১২ বছর ধরে সরকারি নথিতে তিনি ছিলেন ‘মৃত’, কিন্তু শেষ রক্ষা হলো না। মাঝরাস্তায় স্কুটি চালাতে গিয়ে ধরা পড়লেন বাদীর ক্যামেরায়।

২০১৩ সালে সাজানো মৃত্যুর নাটক: নিউ আগ্রা থানার অন্তর্গত এই ঘটনায় তারা চাঁদের বিরুদ্ধে একটি জামিন অযোগ্য মামলা চলছিল। গ্রেফতারি এড়াতে ২০১৩ সালে তিনি পুরসভা থেকে একটি জাল মৃত্যু শংসাপত্র তৈরি করেন। সেই নথিতে দেখানো হয়েছিল যে ১৯৯৮ সালেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশের গাফিলতিতে সেই রিপোর্ট আদালতে পেশ করা হয় এবং তারা চাঁদের ফাইল বন্ধ করে দেওয়া হয়। এরপর টানা ১২ বছর তিনি সবার চোখের আড়ালে স্বাভাবিক জীবন কাটাচ্ছিলেন।

স্কুটি চালাতে গিয়েই বিপদ: ২০২৫ সালের নভেম্বরে মামলার বাদী রাজকুমার বর্মা হঠাৎ দেখতে পান গান্ধী নগর এলাকায় দিব্যি স্কুটি চালিয়ে যাচ্ছেন ‘মৃত’ তারা চাঁদ। রাজকুমার দেরি না করে তাঁর ছবি তোলেন এবং স্কুটির নম্বর দিয়ে আরটিও (RTO) অফিস থেকে তথ্য সংগ্রহ করেন। দেখা যায়, মৃত ঘোষিত হওয়ার ৩ বছর পর অর্থাৎ ২০১৬ সালে নিজের নামে নতুন স্কুটি কিনেছেন তারা চাঁদ! এমনকি তাঁর ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিংও সচল ছিল।

ছেলের স্বীকারোক্তি ও গ্রেফতারির মুখে তারা চাঁদ: আদালতের নির্দেশে পুলিশ তদন্তে নেমে সরাসরি তারা চাঁদের বাড়িতে হানা দেয় এবং তাঁকে জীবিত অবস্থায় দেখতে পায়। তাঁর ছেলেও স্বীকার করেন যে তাঁর বাবা জীবিত এবং মাঝেমধ্যে স্কুটি নিয়ে বাইরেও বের হন। দীর্ঘ ১২ বছর পর আদালতের সঙ্গে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে এখন ফের শ্রীঘরে যাওয়ার অপেক্ষায় আগ্রার এই ‘জ্যান্ত মৃতদেহ’।