এআই-তে বিপুল বিনিয়োগই কাল! আমাজনের শেয়ারে ১১ শতাংশ ধস, বিনিয়োগকারীদের মাথায় হাত

বিপুল অংকের বিনিয়োগ বা ক্যাপেক্স (Capex) প্রায় ৬০ শতাংশ বাড়িয়ে ২০০ বিলিয়ন ডলার করার ঘোষণা দিতেই আমাজনের শেয়ার দরে ১১ শতাংশ পতন ঘটেছে। গত ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আফটার-আওয়ার্স ট্রেডিংয়ে এই ধস নামে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সেমিকন্ডাক্টর, স্যাটেলাইট এবং রোবোটিক্সের ক্ষেত্রে নিজেদের আধিপত্য বাড়াতেই ১২৮ বিলিয়ন থেকে বাড়িয়ে ২০০ বিলিয়ন ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকে ছাপিয়ে এই বিপুল খরচ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

চতুর্থ ত্রৈমাসিকে আমাজনের আয় ১৪ শতাংশ বেড়ে ২১৩.৪ বিলিয়ন ডলার হওয়া সত্ত্বেও এই পতন তাৎপর্যপূর্ণ। সংস্থার ক্লাউড শাখা ‘AWS’ গত ১৩টি ত্রৈমাসিকের মধ্যে দ্রুততম (২৪%) বৃদ্ধি নথিভুক্ত করেছে। গুগল ক্লাউড এবং মাইক্রোসফট অ্যাজিউরের সঙ্গে এআই লড়াইয়ে পাল্লা দিতেই আমাজনের এই পদক্ষেপ। এর মধ্যেই আমাজন বিশ্বজুড়ে ১৬,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে, যা গত তিন মাসের মধ্যে দ্বিতীয় দফার বড় ছাঁটাই। যদিও সংস্থাটি জানিয়েছে, এই ছাঁটাইয়ের পেছনে এআই সরাসরি দায়ী নয়।