ব্রাহ্মণ সমাজের অপমান সহ্য করা হবে না! ‘ঘুষখোর পণ্ডিত’ নিষিদ্ধ করার দাবিতে গর্জে উঠলেন মায়াবতী

নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘ঘুষখোর পণ্ডিত’ নিয়ে কড়া অবস্থান নিলেন বহুজন সমাজ পার্টি (BSP) প্রধান মায়াবতী। তাঁর অভিযোগ, এই সিরিজে ব্রাহ্মণ সমাজকে অত্যন্ত আপত্তিকর এবং অবমাননাকরভাবে চিত্রায়িত করা হয়েছে। মায়াবতী স্পষ্ট জানিয়েছেন যে, এই ধরনের জাতিবিদ্বেষী প্রচারণা কোনোভাবেই বরদাস্ত করা উচিত নয়। তিনি অবিলম্বে এই সিরিজের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন।
মায়াবতী টুইটারে লিখেছেন, সিনেমায় ‘পণ্ডিত’দের ঘুষখোর হিসেবে দেখানো একটি গভীর ষড়যন্ত্র এবং এটি ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ইতিমধ্যেই লখনউয়ের হজরতগঞ্জ থানায় পরিচালক নীরজ পাণ্ডে এবং তাঁর টিমের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। পাশাপাশি, দিল্লি হাইকোর্টেও এই সিরিজের স্ট্রিমিং বন্ধের জন্য আবেদন জমা পড়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ প্রশাসনও কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।