লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা! ছাব্বিশের ভোটে কি ২৫০ পার? বড় ভবিষ্যদ্বাণী অনুব্রত মণ্ডলের

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তুরুপের তাস কি সেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’? মঙ্গলবার রাজ্য বাজেটে এই প্রকল্পের অনুদান আরও ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা হতেই বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে। আর এই ঘোষণার পরই বীরভূমের দাপুটে নেতা তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করে দিলেন। তাঁর দাবি, ২০২৬-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৩০ থেকে ২৫০টি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে।

বোলপুরে কেষ্ট-ম্যাজিক ও মিষ্টি বিলি: বাজেট ঘোষণার পর এদিন বীরভূমের বোলপুরে ফুরফুরে মেজাজে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। তৃণমূলের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে নিয়ে নিজে হাতে মিষ্টি বিলি করেন তিনি। অনুব্রতর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেটে সবচেয়ে বেশি খুশি হয়েছেন মহিলারাই। কেন্দ্রের বাজেটকে একহাত নিয়ে তিনি বলেন, “কেন্দ্রের বাজেটে পশ্চিমবঙ্গকে কিছুই দেওয়া হয়নি। কিন্তু দিদি সাধারণ মানুষ, বেকার যুবক-যুবতী এবং খেটে খাওয়া দিনমজুরদের কথা ভেবেছেন।”

সব স্তরেই খুশির হাওয়া: অনুব্রত এদিন তালিকা দিয়ে বুঝিয়ে দেন কেন তাঁর দল ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে। তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ল, আশা কর্মীদের বেতন বাড়ল, সিভিক ভলান্টিয়ারদের টাকা বাড়ল এবং রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা চিন্তা করেন।” তবে এবারের ভোটে বিরোধীদের জন্য কোনো ‘দাওয়াই’ থাকবে কি না, তা নিয়ে এখনই মুখ খুলতে চাননি তিনি। রহস্য রেখে বললেন, “সেটা পরে দেখা যাবে।” বাজেট পরবর্তী এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে, ছাব্বিশের লড়াইয়ে ফের উন্নয়নের ‘কার্ড’ খেলতেই মরিয়া জোড়াফুল শিবির।