মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা! রবীন্দ্র সরোবরে হুলুস্থুল, অফিস টাইমে চরম ভোগান্তিতে শহরবাসী

কলকাতা মেট্রোর চাকা থমকে যাওয়া যেন এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধের মুখে ফের রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে চরম বিভ্রাট ছড়াল মেট্রো পরিষেবাতে। অফিস ফেরত ভিড়ে ঠাসা সময়ে এই ঘটনার জেরে চূড়ান্ত হয়রানির শিকার হলেন হাজার হাজার নিত্যযাত্রী।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ডাউন লাইনে একটি ট্রেন ঢোকার ঠিক আগেই এক যাত্রী আচমকা লাইনে ঝাঁপ দেন। ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ (পাওয়ার ব্লক) বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খবর দেওয়া হয় রেল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। যুদ্ধকালীন তৎপরতায় ওই যাত্রীকে উদ্ধারের কাজ শুরু হলেও, এর সরাসরি প্রভাব পড়ে গোটা মেট্রো পরিষেবার ওপর।
এই ঘটনার জেরে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী এবং উল্টো দিকের পরিষেবা দীর্ঘক্ষণ বিপর্যস্ত হয়ে পড়ে। অফিস থেকে বাড়ি ফেরার সময় স্টেশনে স্টেশনে কাতারে কাতারে মানুষ ভিড় করতে শুরু করেন। ভোগান্তি কমাতে মেট্রো কর্তৃপক্ষের তরফে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্বল্প দূরত্বে (কাট-অফ) ট্রেন চালানো হয়। তবে ময়দান ও টালিগঞ্জের মধ্যবর্তী স্টেশনে থাকা যাত্রীরা বিপাকে পড়েন। মেট্রোর তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ শেষ করে লাইনের নিরাপত্তা খতিয়ে দেখার পরেই দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে বারংবার রবীন্দ্র সরোবরের মতো ব্যস্ত স্টেশনে এই ধরণের ঘটনা কেন রোখা যাচ্ছে না, তা নিয়ে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন যাত্রীরা।