মেট্রো বিভ্রাটে থমকে গেল তিলোত্তমা! রবীন্দ্র সরোবরে আত্মহত্যার চেষ্টা, অফিস ফেরত ভিড়ে চরম রণক্ষেত্র

বৃহস্পতিবার ভর সন্ধ্যায় কলকাতা মেট্রোর ব্লু-লাইনে ফের এক আত্মহত্যার প্রচেষ্টাকে কেন্দ্র করে ভয়াবহ ভোগান্তির মুখে পড়লেন কয়েক হাজার নিত্যযাত্রী। অফিস ছুটির পর যখন সাধারণ মানুষ দ্রুত বাড়ি ফেরার জন্য স্টেশনে ভিড় করেছিলেন, ঠিক তখনই রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টায় স্তব্ধ হয়ে যায় পরিষেবা। এর জেরে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধে ৬টা নাগাদ রবীন্দ্র সরোবরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে মেট্রোকে দুটি অংশে ভাগ করে চালানো হয়। একদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং অন্যদিকে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চালু থাকলেও মাঝখানের গুরুত্বপূর্ণ স্টেশনগুলো ছিল বিচ্ছিন্ন। ফলে অফিস ফেরত যাত্রীদের ক্ষোভ আছড়ে পড়ে স্টেশনগুলোতে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ট্রেনের ভেতর এবং প্ল্যাটফর্মে গরমে নাজেহাল হন বয়স্ক ও শিশুরা।

বারবার কেন এই ব্লু-লাইনেই আত্মহত্যার ঘটনা ঘটছে, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। মেট্রোর গ্রিন লাইন বা পার্পল লাইনে ‘প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর’ (PSD) থাকায় সেখানে ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া অসম্ভব। কিন্তু উত্তর-দক্ষিণ করিডোর বা ব্লু-লাইনে সেই আধুনিক সুরক্ষা কবজ না থাকায় অরক্ষিত রয়ে গিয়েছে প্ল্যাটফর্মগুলি। গত ২৮ জানুয়ারি সিগন্যাল বিভ্রাট এবং এখন এই আত্মহত্যার চেষ্টা—বারংবার পরিষেবায় এই ব্যাঘাত নিত্যযাত্রীদের ধৈর্য্যর বাঁধ ভেঙে দিচ্ছে। মেট্রোর নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ আমজনতা এখন একটাই প্রশ্ন তুলছেন, “আর কতদিন প্রাণের ঝুঁকি আর সময়ের অপচয় সয়ে যাতায়াত করতে হবে আমাদের?”

Samrat Das
  • Samrat Das