“আগে মাফিয়ারা চালাত, এখন চলে উন্নয়ন!” রাজ্যসভায় সমাজবাদী পার্টিকে তুলোধনা যোগীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার লখনউতে ‘রাজ্য ঋণ সেমিনার’-এ পূর্ববর্তী সমাজবাদী পার্টি সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে উন্নয়ন বা কর্মসংস্থান বলতে কিছুই ছিল না। তাঁর কথায়, “সেই সময় সমবায় এবং MSME ক্ষেত্রগুলি মধ্যস্বত্বভোগী ও মাফিয়াদের দখলে ছিল, যার ফলে কারিগররা রাজ্য ছেড়ে পালাচ্ছিলেন।”

যোগী আদিত্যনাথ পরিসংখ্যান তুলে ধরে জানান, আগে রিজার্ভ ব্যাঙ্ক রাজ্যের ১৬টি জেলা সমবায় ব্যাঙ্ককে ‘ঋণখেলাপি’ ঘোষণা করেছিল। কিন্তু বর্তমান সরকারের প্রচেষ্টায় সেই ১৬টির মধ্যে ১৫টি ব্যাঙ্কই আজ লাভের মুখ দেখছে। তিনি আরও বলেন, “এক জেলা, এক পণ্য” (ODOP) উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হয়েছে। এখন কৃষকদের প্রকল্পের টাকা আর মাঝপথে উধাও হয় না, সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছায়। উত্তরপ্রদেশ এখন দেশের প্রথম রাজ্য যারা MSME ক্ষেত্রের উদ্যোক্তাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার দিচ্ছে।