জেল ফিরতেই বড় চমক! বিধানসভার ২ গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়

জেলমুক্তির পর বিধানসভায় ফেরা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই বড় খবর সামনে এল। বেহালা পশ্চিমের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিধানসভার সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে ‘লাইব্রেরি কমিটি’ এবং ‘আবাসন, দমকল ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি’র দায়িত্ব দেওয়া হয়েছে।
বিধানসভার সংসদীয় নিয়ম অনুযায়ী, প্রত্যেক নির্বাচিত বিধায়ককেই অন্তত দুটি কমিটিতে রাখতে হয়। সেই সাংবিধানিক রীতিনীতি মেনেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে এই মনোনয়ন দিয়েছেন। গত ১১ ডিসেম্বর থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। তবে দায়িত্ব পেলেও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বাজেট অধিবেশনের পর নির্বাচনের দামামা বেজে গেলে তিনি কাজ করার ঠিক কতটা সময় পাবেন।
মঙ্গলবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলেও প্রথম দিনে গরহাজির ছিলেন পার্থ। তবে তিনি আগেই জানিয়েছিলেন যে তিনি অধিবেশনে যোগ দিতে ইচ্ছুক। স্পিকার ইতিমধ্যে তাঁর বসার জায়গাও ঠিক করে দিয়েছেন। আগে মন্ত্রী হিসেবে সামনের সারিতে বসলেও, এবার তিনি সাধারণ বিধায়ক হিসেবে পেছনের সারিতে বসবেন। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায় কবে বিধানসভায় পা রাখেন, এখন সেটাই দেখার।