দেশের সর্বোচ্চ সম্মানে এবার ‘হিটম্যান’! পদ্মশ্রী পেয়েই বড় ঘোষণা করে দিলেন রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেটের অন্যতম মহাতারকা এবং প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মার মুকুটে যোগ হলো নয়া পালক। ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেছে। এই বিশেষ সম্মান পাওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন ‘হিটম্যান’। তিনি সাফ জানিয়েছেন, অধিনায়কত্ব থাকুক বা না থাকুক, দেশের জন্য ট্রফি জয়ের লড়াই তিনি চালিয়ে যাবেন।

রোহিত শর্মা ছাড়াও মহিলা ক্রিকেটের আইকন হরমনপ্রীত কৌরকেও এই সম্মানে ভূষিত করা হয়েছে। দূরদর্শন স্পোর্টসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও বার্তায় মুম্বইকর রোহিত বলেন, “পদ্ম সম্মান প্রাপ্তি আমার এবং আমার পরিবারের কাছে এক বিশাল প্রাপ্তি। এই সম্মানের জন্য আমি ভারত সরকারকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমার দীর্ঘ কেরিয়ারে যাঁরা ছায়ার মতো পাশে ছিলেন, তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ।” তবে রোহিতের বার্তায় সবচেয়ে নজর কেড়েছে তাঁর জেদ। তিনি সাফ বলেন, “দেশের জন্য ম্যাচ জেতানো এবং ট্রফি আনার প্রচেষ্টা আমার কখনও থামবে না।”

৩৯ বছর বয়সী রোহিতের কেরিয়ার বর্ণময়। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর গত দুই দশকে তিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাটে এখনও ক্ষুধার্ত রোহিত। তাঁর লক্ষ্য ২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপে দেশের হয়ে মাঠ মাতানো। উল্লেখ্য, এ বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মোট ১৩১ জনের পদ্ম সম্মান প্রাপকের তালিকায় নাম ছিল রোহিত ও হরমনপ্রীতের। ট্রফিজয়ী এই দুই অধিনায়কের সম্মান প্রাপ্তিতে খুশির জোয়ার ক্রিকেট মহলে।