ট্রাম্প-মোদী ম্যাজিক! ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে ইতিহাস গড়ল টাকা, ১ দিনে দর বাড়ল ১২২ পয়সা!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারত ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতেই মঙ্গলবার বিশ্ব বাজারে অপ্রতিরোধ্য হয়ে উঠল ভারতীয় রুপি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদিচ্ছায় ৯ মাস ঝুলে থাকা এই চুক্তি কার্যকর হতেই টাকার দাম মার্কিন ডলারের তুলনায় এক লাফে ১২২ পয়সা বা ১.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দিনের শেষে ১ ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯০.২৭ টাকা। এর ফলে এদিন এশিয়ার সেরা পারফর্মিং মুদ্রার শিরোপা ছিনিয়ে নিল ভারতীয় রুপি।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই আকাশচুম্বী সাফল্যের মূল চাবিকাঠি হলো আমদানি শুল্কের নাটকীয় হ্রাস। ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে একধাক্কায় ১৮ শতাংশ করা হয়েছে। ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্সের এমডি অনিল কুমার বনসালি জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় ভারত বাণিজ্যিক দিক থেকে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে চলে এল। এর ফলে ভারতের রফতানি বাণিজ্য যেমন চাঙ্গা হবে, তেমনই বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) পুনরায় ভারতীয় শেয়ার বাজারে অর্থ ঢালতে শুরু করবেন।

বাণিজ্য চুক্তির ইতিবাচক প্রভাব পড়েছে দালাল স্ট্রিটেও। মঙ্গলবার সেনসেক্স ২,১৩৮ পয়েন্ট বেড়ে ৮৩,৮০৪-এর ঘরে পৌঁছেছে এবং নিফটি ৬০৭ পয়েন্ট লাফিয়ে ২৫,৬৯৫ স্তরে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ১ ডলারের দাম ৯২ টাকায় পৌঁছে রেকর্ড পতন হয়েছিল রুপির, কিন্তু নতুন এই চুক্তি ভারতীয় অর্থনীতিতে অক্সিজেন সরবরাহ করল। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস এবং ডলার সূচকের পতনও টাকার এই উত্থানে অনুঘটক হিসেবে কাজ করেছে। এখন নজর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পরবর্তী পদক্ষেপের দিকে।