পার্থর রাজকীয় প্রত্যাবর্তন! বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে ঠাঁই পেলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী!

রাজ্য রাজনীতিতে বড়সড় চমক! দীর্ঘ টালবাহানা এবং জেলবাসের পর ফের সংসদীয় রাজনীতির মূল স্রোতে ফিরে এলেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর তাঁর মন্ত্রিত্ব এবং দলীয় পদ কেড়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু বর্তমানে জামিনে মুক্ত হতেই বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা করে দেওয়া হলো তাঁকে। মঙ্গলবার বিধানসভা সূত্রে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে লাইব্রেরি কমিটির সদস্য করার পাশাপাশি অগ্নি নির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিধানসভার নিয়ম অনুযায়ী, কোনো মন্ত্রী স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না। কিন্তু বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় নিছকই একজন বিধায়ক, তাই আইনি বা সংসদীয় দিক থেকে তাঁর এই দায়িত্ব পেতে কোনো বাধা নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ গ্রেফতার হওয়ার পর খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে দল থেকে বহিষ্কারের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি কালীঘাটের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার খবরও ছিল শিরোনামে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিধানসভার কমিটিতে তাঁর এই অন্তর্ভুক্তি কি আগামী নির্বাচনে ফের তাঁর টিকিট পাওয়ার ইঙ্গিত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
শাসক দলের দাবি, এটি একটি রুটিন প্রশাসনিক পুনর্বিন্যাস। অন্যদিকে, বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করতে দেরি করেনি। তাদের প্রশ্ন, যাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাঁকে কেন সরকারি কমিটির অংশ করা হচ্ছে? সব মিলিয়ে, পার্থ চট্টোপাধ্যায়ের এই প্রত্যাবর্তন আগামী দিনে বাংলার রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, সেটাই এখন দেখার।