মহারাষ্ট্রে মর্মান্তিক: মদ্যপ পর্যটকের তাণ্ডব, বাইক আরোহীর লাশের ওপর দিয়ে ছুটল গাড়ি!

মহারাষ্ট্রের রায়গড় জেলার শ্রীবর্ধন তালুকের দিভেগড় গ্রামে ঘটে গেল এক শিউরে ওঠা দুর্ঘটনা। একটি দ্রুতগামী পর্যটক গাড়ি এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে প্রায় ২ কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যায়। এই নারকীয় ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মহম্মদ হানিফ আরজাবেগি নামে এক ব্যক্তির। গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর স্ত্রী সুমিন। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কার্লাস গ্রামের বাসিন্দা মহম্মদ হানিফ তাঁর স্ত্রীকে নিয়ে বাইকে যাচ্ছিলেন। দুপুর ১টা নাগাদ দিভেগড়ের মৌলি হোটেলের কাছে পুনে থেকে আসা একটি পর্যটক গাড়ি পিছন থেকে সজোরে তাঁদের ধাক্কা মারে। ধাক্কার চোটে হানিফ গাড়ির নিচে আটকে গেলেও ১৯ বছর বয়সী চালক ঋষিকেশ যোধ গাড়ি থামাননি। বরং বোরলি পাঁচতানের শ্মশান রোড পর্যন্ত প্রায় ২ কিমি রাস্তা হানিফকে হিঁচড়ে নিয়ে যান তিনি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ১৯ বছরের সেই যুবককে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। আহত সুমিনকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাই রেফার করা হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা এই ঘটনার পর রাস্তা অবরোধ করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।