ফেব্রুয়ারিতেই গাড়ির বাজারে মহাপ্রলয়! নিসান থেকে মারুতি—লঞ্চ হচ্ছে ৫টি দুর্ধর্ষ SUV ও ১টি নতুন MPV

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি ভারতীয় অটোমোবাইল প্রেমীদের জন্য উত্তেজনার পারদ চড়াতে প্রস্তুত। আপনি যদি একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে এই মাসের লঞ্চ ক্যালেন্ডারটি দেখে নেওয়া জরুরি। এই মাসেই বাজারে আসতে চলেছে ৫টি শক্তিশালী SUV এবং ১টি বহুমুখী MPV। নিসান, বিএমডব্লিউ, এমজি, মারুতি সুজুকি এবং ভক্সওয়াগেনের মতো বড় ব্র্যান্ডগুলো তাদের সেরা মডেলগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ছে ভারতের রাস্তায়।

সবথেকে বেশি চর্চা হচ্ছে মারুতি সুজুকি ই-ভিতারা নিয়ে। ৫৪৩ কিলোমিটার রেঞ্জ এবং সেফটি টেস্টে ৫-স্টার রেটিং পাওয়া এই ইলেকট্রিক SUV বাজারে নতুন লড়াই শুরু করবে। অন্যদিকে, নিসান টেকটন এবং গ্র্যাভিটো নিয়ে নিসান তাদের দখল আরও শক্ত করতে চাইছে। এছাড়া বিলাসবহুল সেগমেন্টে বিএমডব্লিউ X3 এবং প্রিমিয়ামে ভক্সওয়াগেন টায়রনএমজি ম্যাজেস্টর গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে তৈরি।

একনজরে লঞ্চ হতে চলা সেরা মডেলগুলি:

  • নিসান টেকটন: ৪ ফেব্রুয়ারি উন্মোচন হতে চলা এই মিড-সাইজ SUV-তে থাকছে প্যানোরামিক সানরুফ ও লেভেল ২ ADAS।

  • নিসান গ্র্যাভিটো: ট্রাইবার প্ল্যাটফর্মে তৈরি এই ৩-সারির সাশ্রয়ী MPV মধ্যবিত্ত পরিবারের জন্য সেরা পছন্দ হতে পারে।

  • বিএমডব্লিউ X3 30 xDrive M Sport Pro: ১৬ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলা এই গাড়িতে থাকছে মাইল্ড-হাইব্রিড ইঞ্জিন ও প্রিমিয়াম লুক।

  • এমজি ম্যাজেস্টর: ১২ ফেব্রুয়ারি লঞ্চ হবে এই এসইউভি, যা গ্লোস্টারের থেকেও বেশি ফিচার সমৃদ্ধ।

  • ভক্সওয়াগেন টায়রন: ফরচুনার বা কোডিয়াক-কে টেক্কা দিতে ৪৫-৫০ লক্ষ টাকার বাজেটে আসছে এই ফ্ল্যাগশিপ ৭-সিটার।