JEE Main ২০২৬ সেশন ২-এর ডঙ্কা বাজল! রেজিস্ট্রেশন শুরু, শেষ মুহূর্তের ভিড় এড়াতে আজই আবেদন করুন

ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার নিয়ে পড়ার স্বপ্ন দেখছেন যাঁরা, তাঁদের জন্য বড় খবর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) JEE Main 2026 Session 2-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যোগ্য প্রার্থীরা আগামী ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে শেষ দিনের সার্ভার জ্যাম বা যান্ত্রিক ত্রুটি এড়াতে এনটিএ পরীক্ষার্থীদের আগেভাগেই ফর্ম পূরণ করার পরামর্শ দিয়েছে।
পরীক্ষার দিনক্ষণ ও সূচি: আগামী ২রা এপ্রিল থেকে ৯ই এপ্রিলের মধ্যে দেশ এবং বিদেশের বিভিন্ন কেন্দ্রে জেইই মেইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে দুটি শিফটে—সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিই (B.E.), বি.টেক (B.Tech), বি.আর্ক (B.Arch) এবং বি.প্ল্যানিং (B.Planning) কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আবেদন ফি-র তালিকা:
-
সাধারণ বিভাগ (পুরুষ): ₹১,০০০
-
Gen-EWS/OBC-NCL (পুরুষ) ও সকল বিভাগের মহিলা: ₹৮০০
-
SC/ST/PwD ও ট্রান্সজেন্ডার: ₹৫০০
যোগ্যতা ও ভাষার বিকল্প: গত তিন বছরের মধ্যে দ্বাদশ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে পারবেন। সবথেকে বড় সুবিধা হলো, জেইই মেইন দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। ইংরেজি ও হিন্দি ছাড়াও বাংলা-সহ মোট ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
আবেদন করার পদ্ধতি: ১. প্রথমে এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যান। ২. ‘JEE Main 2026 Session 2 Registration’ লিঙ্কে ক্লিক করে নাম নথিভুক্ত করুন। ৩. লগ-ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করুন। ৪. প্রয়োজনীয় নথি আপলোড করে অনলাইন ফি জমা দিন। ৫. ফর্মটি সাবমিট করার পর ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট রেখে দিন।