মমতার আক্রমণের পাল্টা কড়া দাওয়াই! ‘আইন নিজের হাতে নিলে রেহাই নেই’, হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

নির্বাচনী তালিকা সংশোধন বা SIR (Special Intensive Revision) ইস্যুতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন আক্রমণের পর এবার পাল্টা রণং দেহি মেজাজে ধরা দিল নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় যে বিস্ফোরক অভিযোগগুলি করেছিলেন, রাতের দিকে তার পয়েন্ট-টু-পয়েন্ট জবাব দিল কমিশন। সাফ জানানো হয়েছে, আইনের শাসনই শেষ কথা এবং কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনের পাল্টা তোপ ও অভিযোগ: নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক এবং নেতা প্রকাশ্যে কমিশনের কর্মকর্তাদের অশালীন ভাষায় আক্রমণ করছেন এবং হুমকি দিচ্ছেন। কমিশনের অভিযোগে উঠে এসেছে মুর্শিদাবাদের ফারাক্কা বিডিও অফিস ভাঙচুরের প্রসঙ্গও। কমিশন স্পষ্ট জানিয়েছে:

কাজে বাধা নয়: SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো কর্মীর ওপর চাপ সৃষ্টি করা বা তাঁর কাজে হস্তক্ষেপ করা বরদাস্ত করা হবে না।

বিএলও ভাতা: বুথ লেভেল অফিসারদের (BLO) প্রাপ্য ১৮,০০০ টাকার মধ্যে কেন মাত্র ৭,০০০ টাকা দেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। বকেয়া টাকা অবিলম্বে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন: রাজ্য সরকার কেন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই তিন জন ইলেক্টোরাল রোল অবজারভারকে বদলি করল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। ২৭ জানুয়ারির সেই বদলির আদেশ বাতিল করার নির্দেশ দেওয়া হলেও রাজ্য এখনও তা পালন করেনি বলে দাবি।

কমিশনারের কড়া বার্তা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন যে, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কমিশন তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে বিন্দুমাত্র দ্বিধা করবে না। সকালে মমতার ‘দালাল’ বা ‘উদ্ধত’ মন্তব্যের পর কমিশনের এই পালটা জবাব ২০২৬-এর বিধানসভা ভোটের আগে দিল্লি ও কলকাতার মধ্যেকার সংঘাতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।