মাঝরাতে পুড়ল তৃণমূলের পার্টি অফিস! পতাকা-ফেস্টুন ভস্মীভূত, গোঘাটে বিজেপি-তৃণমূল চরম সংঘাত

রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হুগলির গোঘাট। নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া এলাকায় তৃণমূলের একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি দলীয় পতাকা ও ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার নেপথ্যে রয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে একে তৃণমূলের ‘অন্তর্কলহ’ বলে দাবি করেছে।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে কুলিয়া এলাকায় তৃণমূলের পার্টি অফিসে আচমকাই আগুন জ্বলতে দেখেন বাসিন্দারা। তাঁরাই তৎক্ষণাৎ খবর দেন পুলিশে। গোঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দেখা যায়, অফিসের দরজায় আগুনের স্পষ্ট দাগ এবং দলীয় পতাকা ও ফেস্টুনগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় বিজেপির পতাকা অক্ষত থাকলেও বেছে বেছে শাসকদলের কার্যালয় ও পতাকা টার্গেট করা হয়েছে।
বিজেপির পাল্টা অভিযোগ: আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দোলন দাস সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, তৃণমূলের অঞ্চল কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই গোঘাটে গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। কিছুদিন আগে এই পার্টি অফিসেই তালা ঝোলানোর ঘটনা ঘটেছিল। বিজেপির দাবি, নিজেদের বিবাদের জেরে তৃণমূল কর্মীরাই এই কাণ্ড ঘটিয়েছে।