সেমিতে উঠতে পাকিস্তানের সামনে ২৫৩ রানের টার্গেট! হাই-ভোল্টেজ ম্যাচে মান বাঁচালেন বেদান্ত ত্রিবেদী

বাইশ গজে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। রবিবাসরীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U19 World Cup 2026) হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সুপার সিক্সের এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৫২ রানে অলআউট হয়ে গেল ভারত। ৪৯.৫ ওভার ক্রিজে টিকে থাকলেও পাক বোলারদের আঁটোসাাঁটো বোলিংয়ের সামনে ভারতীয় টপ অর্ডারকে বেশ নড়বড়ে দেখাল।
বেদান্তের একার লড়াই: টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যর্থ হলেও চার নম্বরে নামা বেদান্ত ত্রিবেদী বুক চিতিয়ে লড়াই করলেন। ৯৮ বলে ৬৮ রানের ধীরস্থির ইনিংস খেলে দলের স্কোরকে আড়াইশোর গণ্ডি পার করান তিনি। কনিষ্ক চৌহান শেষদিকে ২৯ বলে ৩৫ রানের ক্যামিও খেলে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। তবে হতাশ করেছেন বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশী। ৩০ রান করে শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তিনি। অধিনায়ক আয়ূষ মাত্রে তো খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন।
সেমিফাইনালের সমীকরণ: পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য ২৫৩ রান। তবে ভারতের জন্য স্বস্তির খবর হলো তাদের নেট রান রেট (+৩.৩৩৭)। পাকিস্তান এই ম্যাচ জিতলেও যদি বিশাল ব্যবধানে না জেতে, তবে রান রেটের বিচারে ভারতই সেমিফাইনালে পৌঁছে যাবে। ইংল্যান্ড ইতিমধ্যেই এই গ্রুপ থেকে শেষ চারে জায়গা পাকা করে নিয়েছে। এখন দেখার, ভারতীয় বোলাররা এই ২৫২ রান আগলে রেখে পাকিস্তানকে রুখে দিতে পারেন কি না।