মেলবোর্নে আলকা-‘রাজ’! জকোভিচ সাম্রাজ্য চুরমার করে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জয় স্প্যানিশ তারকার

টেনিস বিশ্বের নতুন রাজপুত্রের অভিষেক হলো মেলবোর্ন পার্কে। নোভাক জকোভিচের রেকর্ড ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন চুরমার করে রড লেভার এরিনায় প্রথমবার চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। রবিবার ফাইনালে অভিজ্ঞতার ওপর জয় হলো তারুণ্যের। প্রথম সেটে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ম্যাচ জিতে নিলেন এই স্প্যানিশ সেনসেশন। ম্যাচের ফলাফল ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫।

কেরিয়ার স্ল্যাম ও নতুন রেকর্ড: গ্যালারিতে উপস্থিত ছিলেন কিংবদন্তি রাফায়েল নাদাল। তাঁর সামনেই কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে চার ধরণের গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য ‘কেরিয়ার স্ল্যাম’ নজির গড়লেন ২৪ বছর বয়সী আলকারাজ। এটি তাঁর ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। অন্যদিকে, ২৪টি মেজর জয়ী জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। প্রথম সেটে জকোভিচ ৬-২ ব্যবধানে জিতলেও, পরের তিন সেট কার্যত দাপিয়ে বেড়ান আলকারাজ।

তারুণ্যের কাছে হারল অভিজ্ঞতা: ম্যাচের তৃতীয় সেটের আগে মেডিক্যাল বিরতি নিতে বাধ্য হন জকোভিচ। ফিটনেসের ঘাটতি স্পষ্ট ফুটে উঠছিল তাঁর শরীরী ভাষায়। সুযোগের সদ্ব্যবহার করে পুরো কোর্ট দাপিয়ে বেড়ান আলকারাজ। চতুর্থ সেটে জকোভিচ মরণকামড় দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনার পারদ চড়িয়ে ৭-৫ ব্যবধানে সেট ও ম্যাচ পকেটে পুরে নেন বিশ্বের পয়লা নম্বর তারকা। রিবাকিনার পর আলকারাজ—চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন দেখল দুই নতুন চ্যাম্পিয়নকে।