নির্বাচন কমিশনের সঙ্গে সম্মুখ সমরে মমতা! ১৪০ জনের মৃত্যুর অভিযোগে তোলপাড় দিল্লি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে। এই আবহে আজই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের নজর এখন জাতীয় রাজধানীর দিকে, কারণ আগামীকাল সোমবার বিকেলে তিনি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হবেন।

মুখ্যমন্ত্রীর এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় বাজেট পেশ করবেন। তবে বাজেটের চেয়েও মমতার এই সফরে প্রাধান্য পাচ্ছে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর আনা গুরুতর অভিযোগগুলি। তৃণমূল সুপ্রিমোর দাবি, এই বিতর্কিত SIR প্রক্রিয়ার মানসিক চাপ ও হয়রানিতে এ যাবৎ রাজ্যে ১৪০ জন প্রাণ হারিয়েছেন।

নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যেভাবে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, তা জনপ্রতিনিধিত্ব আইন ও নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাঁর অভিযোগ, ভারতের নির্বাচনী ইতিহাসে প্রথমবার শুধুমাত্র বাংলার জন্য প্রায় ৮,১০০ মাইক্রো-পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে, যার কোনো আইনি ভিত্তি নেই। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, “অন্যান্য রাজ্যেও SIR হচ্ছে, তাহলে শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই কেন এই বৈষম্যমূলক আচরণ?”

তৃণমূল নেত্রীর দাবি, ERO এবং AERO-দের আইনি ক্ষমতা খর্ব করে মাইক্রো-পর্যবেক্ষকদের মাধ্যমে কাজ চালানো হচ্ছে। এমনকি ত্রিপুরার চারজন আইএএস অফিসারের নিয়োগ এবং তাঁদের মাধ্যমে সিইও অফিসের পোর্টাল নিয়ন্ত্রণের চেষ্টাকেও তিনি অবৈধ বলে দাগিয়ে দিয়েছেন। তাঁর মতে, যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। আজ দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঠিক করবেন মমতা। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠক বাংলার আগামী নির্বাচনের ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।