বিচ্ছেদের জল্পনা উড়িয়ে ঈদ পার্টিতে একসঙ্গে সিদ্ধার্থ-কিয়ারা

বলিউডের লাভ বার্ডস সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির প্রেম নাকি ভেঙে গেছে। কিছু দিন ধরে এমনই গুঞ্জন ইন্ডাস্ট্রির ভেতরে এবং বাইরে। কিন্তু সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ফের একসঙ্গে দেখা দিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। মঙ্গলবার তারা একসঙ্গে হাত ধরাধরি করে হাজির হয়েছিলেন সালমান খানের বোন অর্পিতার দেওয়া ঈদ পার্টিতে।

এদিন পাপারাৎজিদের সামনে আলাদা আলাদাই পোজ দেন সিদ্ধার্থ-কিয়ারা। তবে ভেতরে ঢোকেন একসঙ্গে। একটি ভিডিওতে দেখা যায়, ভেতরে ঢোকার সময় মন্ত্রমুগ্ধের মতো সিদ্ধার্থের দিকে তাকিয়ে ছিলেন কিয়ারা। আরও দেখা যায়, পার্টির ভেতরে ঢোকার ঠিক আগ মুহূর্তে কিয়ারার কোমরে নিজের হাতটি রাখেন সিদ্ধার্থ।

এই দৃশ্য দেখার পর বোধহয় হাঁফ ছেড়ে বাঁচলেন এ জুটির ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার ওই ভিডিও। কমেন্ট বক্সে উপচে পড়ছে ভক্তদের মন্তব্য। একজন লেখেন, ‘ফালতু যতসব গসিপ রটায় মিডিয়া। যেন খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলে দুজনে’। আরেকজন লেখেন, ‘মুখে ঝামা ঘষে দিল তো! গুঞ্জনের শেষ’।

ঠিক কোথা থেকে এবং কেন সিদ্ধার্থ-কিয়ারার ব্রেকআপের চর্চা শুরু হয়েছিল তা বলা মুশকিল। কারণ সোশ্যাল মিডিয়ায় তারা নিয়মিত পরস্পরের পোস্ট লাইক করে চলেছেন। এমনকি ‘শেরশাহ’ পুরস্কার জেতার পর কিয়ারা সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন।

প্রকাশ্যে কোনো দিনই নিজেদের সম্পর্কে শিলমোহর দেননি সিদ্ধার্থ-কিয়ারা। তবে তাদের প্রেম কাহিনিটা বি-টাউনের ওপেন সিক্রেট। একসঙ্গে লাঞ্চ ডেটে যাওয়া থেকে মালদ্বীপ ভ্রমণ সবই করেছেন তারা। চলতি বছরের শুরুতেও রাজস্থানে ছুটিয়ে কাটিয়ে এসেছেন দুজনে। ফেব্রুয়ারিতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চেও হাজির ছিলেন একসঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *