বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ! উত্তপ্ত বাঁকুড়ার ইন্দাস, ২৪ ঘণ্টার ডেডলাইন বিধায়কের

বাঁকুড়ার ইন্দাসে বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল মঙ্গলপুর এলাকা। মৃত ব্যক্তির নাম সুজয় রং (৪৮)। অভিযোগের তির স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি জীবন মণ্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই চরম উত্তেজনা ছড়িয়েছে ইন্দাসে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পরিবার সূত্রে খবর, মৃত সুজয় রঙের ভাই প্রসাদ রং এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ সুজয় যখন গ্রামের শিবতলা এলাকায় ডিম কিনতে যাচ্ছিলেন, তখন তৃণমূল কর্মী নয়ন রায় ও পিন্টু রায় তাঁকে ঘিরে ধরেন বলে অভিযোগ। অভিযোগ, প্রকাশ্য রাস্তায় তাঁকে কিল-চড়-ঘুষি মেরে ঢালাই রাস্তার ওপর আছড়ে ফেলা হয়। স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া রাতেই থানায় গিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানান। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই খুন। তৃণমূলের অঞ্চল সভাপতি জীবন মণ্ডলের উস্কানিতেই এই হামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই পিন্টু রায় নামে একজনকে গ্রেফতার করেছে। তবে বিধায়কের হুঁশিয়ারি, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত তৃণমূল সভাপতিকে গ্রেফতার না করলে বড়সড় আন্দোলনে নামবে বিজেপি।” পালটা তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্তের দাবি, তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, বিজেপি মৃতদেহ নিয়ে নোংরা রাজনীতি করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।