শুভেন্দুর গড়ে জোড়া ধাক্কা! মাত্র সাত দিনে দ্বিতীয় সমবায় দখল করল তৃণমূল। শিরোনাম

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই নন্দীগ্রামে জমি শক্ত করছে তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে আমদাবাদের পর এবার রানিপুর সমবায় সমিতি নির্বাচনেও বড় সাফল্য পেল ঘাসফুল শিবির। এই জয়কে ২০২৬-এর ‘সেমিফাইনাল’ হিসেবেই দেখছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

রানিপুর সমবায় সমিতির মোট ৪৫টি আসনের মধ্যে ৫টিতে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। বাকি ৪০টি আসনে সরাসরি লড়াই হয় বিজেপি ও তৃণমূলের মধ্যে। চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৭টি আসন এবং বিজেপি জয়ী হয়েছে ১৮টি আসনে। গত ৪ জানুয়ারি এই নন্দীগ্রামেই একটি সমবায় নির্বাচনে ৯-০ ব্যবধানে জিতেছিল বিজেপি। কিন্তু তারপর থেকেই ছবিটা বদলাতে শুরু করেছে।

তৃণমূল নেতৃত্বের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচির সুফল পাচ্ছে সাধারণ মানুষ, আর তার প্রতিফলন ঘটছে ব্যালট বক্সে। অন্যদিকে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নন্দীগ্রামেই সামান্য ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাই সমবায় স্তরে এই জয়কে সেই হারের ‘মধুর প্রতিশোধ’ হিসেবেই দেখছে ঘাসফুল শিবির। যদিও বিজেপি এই পরাজয়কে বিশেষ গুরুত্ব দিতে নারাজ, তবে নির্বাচনের ঠিক আগে এই ফলাফল নিচুতলার কর্মীদের মনোবল বাড়িয়েছে তৃণমূলের।