আপনার ঘরে ক’টি ঘর? কী খান আর কোন গাড়ি চড়েন? জনগণনার ৩৩ প্রশ্নের তালিকায় এল বড় বদল!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশজুড়ে শুরু হতে চলেছে ষোড়শ জাতীয় জনগণনা বা ‘সেনসাস ২০২৭’। রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার অফ ইন্ডিয়া গত ২২ জানুয়ারি এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে এই বিশাল কর্মযজ্ঞ। প্রথম ধাপে চলবে ‘হাউসলিস্টিং’ বা বাড়ি ও বসতভিটে সংক্রান্ত গণনার কাজ, যা শেষ হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে।

বাড়ল প্রশ্নের সংখ্যা: ২০১১ সালের জনগণনায় ২৯টি প্রশ্ন থাকলেও, ২০২০ সালে স্থগিত হওয়া নির্দেশিকায় তা ছিল ৩১টি। তবে ২০২৭-এর এই নয়া তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এবার প্রত্যেক নাগরিককে মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ডিজিটাল ইন্ডিয়ার কথা মাথায় রেখে এবার প্রথমবারের মতো ইন্টারনেট সংযোগ এবং পরিবারে প্রধানত কী খাদ্যশস্য (চাল না গম) খাওয়া হয়, সেই সংক্রান্ত প্রশ্নও তালিকায় রাখা হয়েছে।

কী কী জানতে চাওয়া হবে? (৩৩টি প্রশ্নের কিছু ঝলক): জনগণনা আধিকারিকরা যখন আপনার বাড়িতে আসবেন, তখন মূলত নিচের তথ্যগুলি সংগ্রহ করবেন:

  • বাড়ির কাঠামো: মেঝের উপকরণ, দেওয়াল ও ছাদের ধরণ, বাড়ির ব্যবহার (বসবাস না ব্যবসা) এবং বর্তমান অবস্থা।

  • পরিবারের তথ্য: পরিবারের সদস্য সংখ্যা, কর্তার নাম, লিঙ্গ, এবং তিনি তফশিলি জাতি বা উপজাতিভুক্ত কি না।

  • সুযোগ-সুবিধা: পানীয় জলের উৎস, আলোর ধরণ (বিদ্যুৎ না অন্য কিছু), শৌচাগারের ধরণ, জল নিষ্কাশন ব্যবস্থা এবং স্নানঘরের সুবিধা।

  • আধুনিক জীবনযাপন: বাড়িতে টিভি, রেডিও, ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না? ইন্টারনেট সুবিধা এবং স্মার্টফোন ব্যবহারের তথ্যও নেওয়া হবে।

  • সম্পত্তি ও পরিবহন: রান্নার গ্যাসের সংযোগ (LPG/PNG), যাতায়াতের জন্য সাইকেল, স্কুটার, নাকি গাড়ি ব্যবহার করেন—সবই থাকবে তালিকায়।

  • ব্যক্তিগত তথ্য: বাড়িতে বিবাহিত দম্পতি কতজন এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর (শুধুমাত্র সরকারি কাজের জন্য)।

ডিজিটাল জনগণনা: ২০২৭-এর এই জনগণনা হবে ভারতের ইতিহাসে প্রথম ‘ডিজিটাল সেনসাস’। মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। গেজেট নোটিফিকেশনে স্পষ্ট করা হয়েছে, আগের নেওয়া সমস্ত প্রস্তুতি বজায় রেখেই ১ এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে শুরু হবে মূল জনসংখ্যা গণনা, যেখানে জাতপাতের গণনা নিয়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।