যাত্রীদের জন্য স্বস্তির খবর! ১০ ফেব্রুয়ারির পর আর কোনো ফ্লাইট বাতিল করবে না ইন্ডিগো

গত কয়েক মাস ধরে ইন্ডিগো (IndiGo) বিমানে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের যে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে, তার অবসান ঘটতে চলেছে। মঙ্গলবার ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইন্ডিগো কর্তৃপক্ষ আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২৬-এর পর থেকে আর কোনো ফ্লাইট বাতিল না করার এবং পরিষেবা পুরোপুরি স্থিতিশীল করার জোরালো আশ্বাস দিয়েছে।

সম্প্রতি দফায় দফায় ফ্লাইট বাতিল এবং দীর্ঘ দেরির কারণে ডিজিসিএ ইন্ডিগোর ওপর ২২.২০ কোটি টাকার জরিমানাও করেছিল। সোমবারের সাপ্তাহিক পর্যালোচনা বৈঠকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে বর্তমানে পর্যাপ্ত সংখ্যক পাইলট এবং ক্রু মেম্বার রয়েছেন। পাশাপাশি, গত ডিসেম্বরে উড়ান কর্মীদের ডিউটির সময়সীমা (FDTL) নিয়ে যে ছাড় দেওয়া হয়েছিল, তাও ধাপে ধাপে সরিয়ে নেওয়া হচ্ছে। ইন্ডিগো নিশ্চিত করেছে যে, তাদের বর্তমান অনুমোদিত নেটওয়ার্ক পরিচালনা করার মতো জনবল এখন তাদের হাতে মজুত।

ডিজিসিএ জানিয়েছে, গত ৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ইন্ডিগোর অপারেশনাল কন্ট্রোল সেন্টারে বিশেষ পর্যবেক্ষক দল মোতায়েন করা হয়েছিল। বিমান বাতিলের হার, দেরিতে উড়ান শুরু এবং যাত্রী পরিষেবার মতো বিষয়গুলো নিয়মিত তদারকি করা হয়েছে। এয়ারলাইন্সটিকে প্রতিদিনের অপারেশনাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। ইন্ডিগো এখন দাবি করছে যে, তারা একটি সংশোধিত কর্মপরিকল্পনা তৈরি করেছে যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে। ফলে শীতকালীন কুয়াশা বা অন্য প্রযুক্তিগত কারণ ছাড়া ১০ ফেব্রুয়ারির পর থেকে যাত্রীদের আর ফ্লাইট বাতিলের আশঙ্কায় থাকতে হবে না।