রক্তাক্ত কোকরাঝাড়! সড়ক দুর্ঘটনা থেকে গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র অসম, মোতায়েন র‍্যাফ

একটি সাধারণ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল অসমের কোকরাঝাড়ে। বোড়ো এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা এলাকা। ভিড়ের হিংসায় একজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের গুজব রুখতে কোকরাঝাড় এবং পার্শ্ববর্তী চিরাং জেলায় ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। কোকরাঝাড় থানার করিগাঁও ফাঁড়ির কাছে একটি গাড়ি দুই আদিবাসী ব্যক্তিকে ধাক্কা দেয়। অভিযোগ, গাড়িতে থাকা তিন বোড়ো ব্যক্তিকে স্থানীয়রা বেধড়ক মারধর করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় একজনের মৃত্যু হলে মঙ্গলবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দুই সম্প্রদায়ের মানুষই জাতীয় সড়ক অবরোধ করে এবং বেশ কিছু বাড়ি ও সরকারি অফিসে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীরা পুলিশ ফাঁড়িতেও হামলা চালায় বলে অভিযোগ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের শেল ফাটায়।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দিতে দাভোসে রয়েছেন। সেখান থেকেই তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, সেনাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং পুলিশ প্রশাসনকে শান্তি ফেরাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের (BTC) প্রধান হাগ্রামা মহিলারিও জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। বর্তমানে এলাকা থমথমে থাকলেও পুলিশ ও র‍্যাফ টহল দিচ্ছে।