রায়বাড়েলিতে আবেগঘন মুহূর্ত! ঠাকুরদা ফিরোজ গান্ধীর হারানো লাইসেন্স ফিরে পেলেন রাহুল

উত্তরপ্রদেশের রায়বাড়েলি সফরে গিয়ে এক অনন্য ও আবেগপূর্ণ অভিজ্ঞতার সাক্ষী হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার নিজের নির্বাচনী ক্ষেত্রে সফরের দ্বিতীয় দিনে তিনি ফিরে পেলেন তাঁর ঠাকুরদা প্রয়াত ফিরোজ গান্ধীর কয়েক দশক আগে হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স। একটি স্থানীয় পরিবার অত্যন্ত যত্ন সহকারে এই ঐতিহাসিক নথিটি বছরের পর বছর আগলে রেখেছিল।
রায়বাড়েলি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন কমিটির সদস্য বিকাশ সিং এই অমূল্য স্মৃতিটি রাহুলের হাতে তুলে দেন। মঞ্চে যখন রাহুলকে তাঁর ঠাকুরদার পুরনো লাইসেন্সটি দেখানো হয়, তখন তিনি রীতিমতো অবাক হয়ে যান। অত্যন্ত মনোযোগ সহকারে লাইসেন্সটি পর্যবেক্ষণ করার পর তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে মোবাইলে সেটির ছবি তুলে মা সোনিয়া গান্ধীকে হোয়াটসঅ্যাপ করেন।
বিকাশ সিং জানিয়েছেন, বহু বছর আগে রায়বাড়েলির একটি অনুষ্ঠানে তাঁর শ্বশুরমশাই এই লাইসেন্সটি কুড়িয়ে পেয়েছিলেন। তিনি সেটিকে পরম মমতায় আগলে রাখেন। তাঁর মৃত্যুর পর বিকাশের শাশুড়ি নথিটি নিজের কাছে গচ্ছিত রেখেছিলেন। রাহুল গান্ধী রায়বাড়েলির সাংসদ হওয়ার পর এবং বর্তমানে সেখানে সফরে আসার সুযোগ বুঝে পরিবারটি এটি তাঁকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিং পরিবারের কথায়, “আমরা একে একটি আমানত হিসেবে মনে করতাম, যা গান্ধী পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্য ছিল।”
উল্লেখ্য, ১৯১২ সালের ডিসেম্বরে জন্মগ্রহণকারী ফিরোজ গান্ধী ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনে রায়বাড়েলি থেকে জয়ী হয়েছিলেন। ১৯৬০ সালের ৭ সেপ্টেম্বর তাঁর জীবনাবসান হয়। ঠাকুরদার স্মৃতি বিজড়িত সেই হারানো দলিল ফিরে পাওয়া রাহুলের এই সফরকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।