মমতার সঙ্গে রাজের ‘দূরত্ব’! টিকিট কি তবে অনিশ্চিত? বিস্ফোরক ব্যারাকপুরের বিধায়ক

২০২১-এর বিধানসভা নির্বাচনে টলিউড থেকে রাজনীতির আঙিনায় পা রাখা রাজ চক্রবর্তীকে নিয়ে এখন নতুন করে জল্পনা তুঙ্গে। ব্যারাকপুরের বিধায়ক হিসেবে রেকর্ড ভোটে জয়ের পর রাজ তৃণমূলের অন্যতম মুখ হয়ে উঠলেও, আসন্ন নির্বাচনের আগে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মানসিক দূরত্ব’ তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এই আবহেই সরাসরি প্রশ্নের মুখে পড়ে বড়সড় বার্তা দিলেন বিধায়ক-পরিচালক।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দূরত্ব নিয়ে প্রশ্ন করা হলে রাজ চক্রবর্তী সরাসরি বলেন, “নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় কে টিকিট পাবে আর কে পাবে না, তা নিয়ে মনগড়া আলোচনা নতুন কিছু নয়। আমি আমাকে দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করেছি, বাকি সময়টুকুও সেভাবেই কাজ করব।” তাঁর সাফ কথা, রাজনীতির মধ্যেও রাজনীতি থাকে; কেউ তাঁকে পছন্দ করেন, কেউ করেন না। তবে তিনি দলের বিরুদ্ধে কখনও যাননি এবং যাবেনও না। টিকিট পাওয়া বা না পাওয়া নিয়ে তিনি চিন্তিত নন, বরং তাঁর কাছে ‘স্কোরবোর্ড’ ঠিক রাখাই আসল লক্ষ্য।

উল্লেখ্য, ২০২১-এর নির্বাচনে ব্যারাকপুর ছিল অর্জুন সিংয়ের গড়। সেখানে রাজকে প্রার্থী করায় অনেকে তাঁকে ‘গ্ল্যামার নির্ভর’ বা ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেছিলেন। কিন্তু চন্দ্রমণি শুক্লাকে হারিয়ে বড় ব্যবধানে জয়ী হয়ে নিজেকে প্রমাণ করেছিলেন রাজ। ফের কি তিনি লড়াইয়ে নামবেন? রাজের রহস্যময় উত্তর, “আমি একটা সময়সীমার মধ্যে চলছি। সেটা শেষ হলেই বোঝা যাবে আমি ফের লড়াইয়ের জন্য যোগ্য কি না। শেষ সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।”