বিশ্বকাপ থেকে বাদ পড়ছে বাংলাদেশ? আইসিসির চরম হুঁশিয়ারি! টাইগারদের জায়গায় ঢুকছে কোন দেশ?

: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চরম সংকটে বাংলাদেশ ক্রিকেট। ভারতে খেলতে আসা নিয়ে একের পর এক টালবাহানা করায় এবার কড়া অবস্থান নিল আইসিসি (ICC)। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ ভারতে আসার সবুজ সংকেত না দেয়, তবে টুর্নামেন্ট থেকেই তাদের নাম কেটে দেওয়া হতে পারে।

কেন এই টানাপোড়েন? ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী মাসেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু নিরাপত্তা দোহাই দিয়ে বাংলাদেশ দল ভারতে খেলতে আসতে অনীহা প্রকাশ করেছে। তারা ভেন্যু বদল এমনকি অন্য দলের সাথে গ্রুপ পরিবর্তনেরও দাবি জানিয়েছিল। কিন্তু আইসিসি স্পষ্ট করে দিয়েছে, টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ আগে শিডিউল পরিবর্তন অসম্ভব। আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার যে প্রস্তাব বাংলাদেশ দিয়েছিল, তাও নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

বাংলাদেশের বিকল্প কোন দল? যদি ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেয়, তবে তাদের জায়গায় কোন দল সুযোগ পাবে? ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক র‍্যাঙ্কিং বিচার করে স্কটল্যান্ড ক্রিকেট দলকে বিশ্বকাপের মূল পর্বে অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও আইসিসি কোনো আনুষ্ঠানিক শিলমোহর দেয়নি।

বিশ্বকাপে বাংলাদেশের সূচি: বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলার কথা। কিন্তু বিসিবির অনড় মনোভাব ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে।