কেন ভয়ে পালালেন মৃণাল ঠাকুরের প্রাক্তন প্রেমিক? বিয়ের গুঞ্জনের মাঝেই ব্রেক-আপের গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী

বলিউড থেকে দক্ষিণ ভারত—মৃণাল ঠাকুরের অভিনয় আর সৌন্দর্যে মুগ্ধ আপামোর জনতা। তবে পর্দার ‘সীতা’র ব্যক্তিগত জীবন কি পর্দার মতোই সুন্দর? সম্প্রতি দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের অতীত প্রেম ও বিচ্ছেদ নিয়ে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন মৃণাল। কেন তাঁর প্রাক্তন প্রেমিক ভয় পেয়ে সম্পর্ক ছিন্ন করেছিলেন, তা নিয়ে অকপটে কথা বললেন অভিনেত্রী।

ভয় পেয়ে পালিয়েছিলেন প্রাক্তন! রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে মৃণাল প্রকাশ করেছেন যে, একাধিকবার তাঁর হৃদয় ভেঙেছে। তিনি জানান, তাঁর প্রাক্তন প্রেমিক অত্যন্ত রক্ষণশীল পরিবারের মানুষ ছিলেন। মৃণাল যে একজন অভিনেত্রী এবং তাঁকে পর্দার খাতিরে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়—এই বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। মৃণাল বলেন, “সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। তাঁর ধারণা ছিল আমি বড্ড বেশি আবেগপ্রবণ, যা তাঁর পক্ষে সামলানো অসম্ভব ছিল।”

“এটা তাঁর দোষ ছিল না” বিচ্ছেদ নিয়ে প্রাক্তনের প্রতি কোনো ঘৃণা নেই মৃণালের। তিনি উদারভাবে বলেন, “এটা তাঁর দোষ ছিল না, তিনি যে পরিবেশে বড় হয়েছেন সেটাই এমন ছিল। তবে আমি খুশি যে সম্পর্কটি সফল হয়নি। সেই অধ্যায় শেষ হয়ে যাওয়াই ভালো হয়েছে।”

ধানুশের সঙ্গে বিয়ের খবর কি সত্যি? গত কয়েকদিন ধরে নেটপাড়ায় রটেছে যে আগামী ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে ধানুশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন মৃণাল। যদিও ধানুশের এক ঘনিষ্ঠ বন্ধু এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে খোদ মৃণাল বা ধানুশ—কেউই এখনও এই বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি।