“কাশ্মির ইস্যুতে ভারতকে চাপ দেবেন সুনাক”

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর চলতি সপ্তাহে সুনাককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।
ব্রিটেনের গত ২০০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম অশেতাঙ্গ এই প্রধানমন্ত্রীকে নিয়ে আশায় বুক বাঁধছেন পাকিস্তানিরা। তাদের আশা, ঋষি সুনাকের ‘শিকড়’ পাকিস্তানে হওয়ায় কাশ্মিরর সংকট সমাধানে ভারতকে চাপ দেবেন তিনি। গত বুধবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার ভারতীয় এবং হিন্দু ঐতিহ্যকে ধরে রেখেছেন। তবে তার শিকড় রয়েছে বর্তমান পাকিস্তানে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় পাকিস্তানের পাঞ্জাবের গুজরানওয়ালা শহরে বসবাস করতেন সুনাকের পিতামহ অর্থাৎ দাদা।
সাবেক ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারত ও পাকিস্তানকে আলাদা তথা দেশভাগের সময় গুজরানওয়ালা শহরে ১৯৪৭ সালে বেশ কিছু মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। তবে দেশভাগের সেই অস্থির সময়ের আগেই চাকরির জন্য পাকিস্তানের গুজরানওয়ালা শহর ছেড়ে কেনিয়ায় চলে গিয়েছিলেন সুনাকের দাদা রামদাস সুনাক।
ভারতের সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত শিল্প কেন্দ্র গুজরানওয়ালার অনেকেই আজ বলছেন, যুক্তরাজ্যের নতুন নেতা কাশ্মির সংকটের সমাধানের জন্য বেশ গুরুত্বপূর্ণ পদে অবস্থান করছেন। কারণ কাশ্মিরই দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিবাদের মূল বিষয়।