শিয়রে নির্বাচন, মোদী সরকারের বড় ঘোষণা! বাংলা থেকে আরও ৩টি অমৃত ভারত এক্সপ্রেস, খুশিতে ডগমগ যাত্রীরা

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের রেলযাত্রীদের জন্য ডাবল ধামাকা উপহার দিল রেল মন্ত্রক। হাওড়া-কামাখ্যা রুটে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালুর প্রস্তুতির মাঝেই এবার পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতগামী আরও ৩টি নতুন ‘অমৃত ভারত এক্সপ্রেস’ (Amrit Bharat Express) পেতে চলেছে রাজ্য। মূলত তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সঙ্গে বাংলার সংযোগ আরও মজবুত করতেই এই মেগা সিদ্ধান্ত।

রেল সূত্রে খবর, এই তালিকায় প্রথম ট্রেনটি চলবে সাঁতরাগাছি এবং তাম্বরম (চেন্নাইয়ের নিকটবর্তী) স্টেশনের মধ্যে। ট্রেনটি প্রতি সপ্তাহের শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে সোমবার সকাল ১০টায় গন্তব্যে পৌঁছবে। ফিরতি পথে তাম্বরম থেকে শুক্রবার দুপুর ৩টে ৩০ মিনিটে ছেড়ে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে সাঁতরাগাছি ফিরবে। ২২ কোচের এই অত্যাধুনিক ট্রেনে সাধারণ ও স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য থাকছে বিশ্বমানের পরিষেবা।

বাকি দুটি ট্রেনের মধ্যে একটি বেঙ্গালুরু থেকে আলিপুরদুয়ার এবং অন্যটি তিরুচিরাপল্লী থেকে নিউ জলপাইগুড়ি রুটে চলার সম্ভাবনা প্রবল। মূলত চিকিৎসার প্রয়োজনে দক্ষিণ ভারতগামী লক্ষ লক্ষ রোগী ও পর্যটকদের কথা মাথায় রেখে একে ‘মেডিক্যাল করিডোর’ হিসেবে দেখছে রেল। পুশ-পুল প্রযুক্তির এই অরেঞ্জ-গ্রে রঙের ট্রেনগুলি কম খরচে দ্রুত গতির সফরের এক নতুন দিগন্ত খুলে দেবে।