বঢোদরার নেটে কোহলির সামনে জ্যান্ত ‘চিকু’! খুদে ভক্তের চেহারায় নিজের শৈশব দেখে অবাক বিরাট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের প্রস্তুতিতে এখন তুঙ্গে ভারতীয় দল। বঢোদরায় অনুশীলনের ফাঁকে এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী থাকলেন বিরাট কোহলি। নেটে প্র্যাকটিস সেরে ফেরার সময় প্রিয় তারকাকে দেখতে ভিড় জমিয়েছিল একদল খুদে ভক্ত। তাদের মধ্যেই একজনকে দেখে থমকে দাঁড়ান স্বয়ং ‘কিং কোহলি’। উপস্থিত ক্যামেরা পার্সনরাও লেন্স ঘোরাতে দেরি করেননি— কারণ সেই খুদের চেহারা আর বিরাটের ছোটবেলার ভাইরাল হওয়া ছবির মধ্যে কোনো তফাৎ নেই। যেন টাইম মেশিনে চড়ে বিরাটের শৈশব ফিরে এসেছে বঢোদরার মাঠে।

১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই সিরিজে বিরাটের ব্যাটের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। পরিসংখ্যানেও কিউয়িদের বিরুদ্ধে বিরাটের দাপট স্পষ্ট। ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে দ্বৈরথে শচীন তেন্ডুলকরের (১৭৫০ রান) ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছেন কোহলি। ৩৩ ম্যাচে ১৬৫৭ রান করা বিরাট এবার সুযোগ পাচ্ছেন মাস্টার ব্লাস্টারকে ছাপিয়ে যাওয়ার।

আগামী ১৪ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এবং শেষ ম্যাচ ১৮ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। মুখোমুখি লড়াইয়ে ভারত ৬২-৫০ ব্যবধানে এগিয়ে থাকলেও কিউয়িরা যে ছেড়ে কথা বলবে না, তা বলাই বাহুল্য। তবে সিরিজের শুরুর আগে বিরাটের ‘ডপেলগ্যাঙ্গার’ বা হামশকল খুদে ভক্তের এই ঘটনা সমাজমাধ্যমে এখন সুপার ভাইরাল।