আইপ্যাকের অ্যাকাউন্টে দুর্নীতির ১৬ কোটি! চেক নম্বর ফাঁস করে মমতাকে চরম চ্যালেঞ্জ শুভেন্দু

আইপ্যাক (I-PAC) কাণ্ডে এবার সরাসরি আর্থিক দুর্নীতির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্প ‘জল-জীবন মিশন’-এর দুর্নীতির টাকা সরাসরি ঢুকেছে আইপ্যাকের অ্যাকাউন্টে।
শুভেন্দুর দাবি অনুযায়ী, ২০২১ সালে ওই প্রকল্পের ১৭০ কোটি টাকার বরাত পাওয়া একটি সংস্থা কাকদ্বীপের একটি ব্যাঙ্ক থেকে ১৬ কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। সেই লেনদেনের চেক নম্বরও তাঁর কাছে রয়েছে বলে বিস্ফোরক দাবি করেন তিনি। বিরোধী দলনেতার কটাক্ষ, “এই ১৬ কোটির তথ্য ফাঁস হওয়ার ভয়েই কি মুখ্যমন্ত্রী কাল তড়িঘড়ি ল্যাপটপ আর ফাইল সরাতে দৌড়েছিলেন?” আইপ্যাক দফতর থেকে মুখ্যমন্ত্রীর ফাইল ও ল্যাপটপ নিয়ে যাওয়াকে ‘ফৌজদারি অপরাধ’ বলেও চিহ্নিত করেন তিনি।
মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, “বিজেপি নেতাদের বাড়িতে হানা দিলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর মতো কোটি কোটি টাকা পাওয়া যাবে না। কিন্তু আপনার বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি টাকা পাবে ইডি।” আইপ্যাক যে কোনও রাজনৈতিক কার্যালয় নয়, বরং একটি কর্পোরেট সংস্থা, সে কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু প্রশ্ন তোলেন— কেন একটি সরকারি প্রকল্পের ঠিকাদার সংস্থা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থাকে কোটি কোটি টাকা দেবে?